হুমকিদাতা ১০ জনের তালিকা করেছে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিজিৎ রায়
অভিজিৎ রায়

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে যাঁরা হত্যার হুমকি দিয়েছিলেন, তাঁদের ১০ জনের একটি তালিকা তৈরি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে হত্যাকারীরা এখনো চিহ্নিত হয়নি।
এ ছাড়া ওই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার শফিউর রহমান ফারাবী গতকাল রোববার পর্যন্ত জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেননি। গতকাল তাঁর মায়ের সিলেটের বাসায় তল্লাশি চালিয়ে একটি কম্পিউটার, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র উদ্ধার করেছে মামলার তদন্তকারী ডিবির একটি দল।
গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিজিৎ হত্যার ঘটনায় ফারাবী জড়িত থাকার কথা অস্বীকার করছেন। তবে তিনি অভিজিতের হুমকিদাতা কিছু লোকের নাম বলেছেন। ফারাবী ছাড়া আর কারা এভাবে অভিজিৎকে হত্যার হুমকি দিয়েছিলেন বা ফেসবুকে মন্তব্য করে হত্যায় উৎসাহিত করতে চেয়েছিলেন—এমন ১০ জনের একটি তালিকা তৈরি করে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই তালিকা তৈরিতে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) সদস্যদের সহায়তা নেওয়া হয়েছে। তবে ডিবি হত্যাকারীদের এখনো চিহ্নিত করতে পারেনি।
মনিরুল ইসলাম আরও বলেন, অভিজিৎ রায় যেহেতু যুক্তরাষ্ট্রের নাগরিক, ভবিষ্যতে এফবিআই চাইলে তাদের নিজ দেশেও এ ঘটনায় মামলা করতে পারে। হত্যার কোনো আলামত তারা যদি বিদেশে নিয়ে পরীক্ষা করাতে চায়, তাও করাতে পারবে।
গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অভিজিৎ হত্যাকাণ্ডে ফারাবী ছাড়াও আরেকজনকে আটক করার তথ্য দিয়েছিলেন। এ বিষয়ে মনিরুল ইসলাম বলেন, হত্যায় সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ না পাওয়ায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।
ডিবির এই যুগ্ম কমিশনার বলেন, ‘এফবিআইয়ের সদস্যদের জিজ্ঞেস করেছিলাম, তোমরা কী মনে করো, কারা এই হত্যায় জড়িত? তাঁরা বললেন, “এটা যদিও প্রথমে বলা কঠিন, তার পরও প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা কোনো এক্সট্রিমিস্ট গ্রুপের কাজ।”’
পুলিশের বরাত দিয়ে সিলেট থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, সকাল সাড়ে ১০টার দিকে মামলার তদন্তকারী ডিবির একটি দল সিলেট শহরের মুন্সিপাড়ায় ফারাবীর মায়ের বাসায় তল্লাশি চালায়। তারা ওই বাসা থেকে একটি কম্পিউটার, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র জব্দ করে নিয়ে যায়। তল্লাশি অভিযানে সহায়তা করে সিলেটের কোতোয়ালি থানার পুলিশ। নগরের মুন্সিপাড়ার ওই ভাড়া বাসায় ফারাবীর মা ও তিন বোন থাকেন। তবে তল্লাশির সময় ওই বাসাটি তালাবদ্ধ ছিল।
বাসার মালিক মুজিবুর রহমান প্রথম আলোকে জানান, পুলিশ তাঁর কাছ থেকে ফ্ল্যাটের বিকল্প চাবি নিয়ে দরজা খুলে তল্লাশি চালায়। তিন বছর আগে ফারাবীর মা তাঁর বাসাটি ভাড়া নেন। ফারাবী এখানে কম আসতেন। ফারাবীদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
সিলেটের ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ বলেন, ঘটনা তদন্তে এফবিআইয়ের পরামর্শে ওই বাসায় তল্লাশি চালানো হয়।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ফুটপাতে খুন হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়। আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিজিৎ যুক্তরাষ্ট্রে একটি প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলী ছিলেন।