
সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি রানা দাশগুপ্তসহ চার বিশিষ্ট ব্যক্তিকে হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ চট্টগ্রাম। সমাবেশ থেকে হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
গতকাল শুক্রবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে এ কর্মসূচি পালন করেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, সদস্যসচিব চন্দন দাশ প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে অনুপম সেন ও রানা দাশগুপ্তকে হুমকি দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তাঁদের নিরাপত্তা জোরদার করতে হবে। তাঁরা বলেন, অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার বাতিঘরগুলো মৌলবাদী গোষ্ঠীর প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই গোষ্ঠীকে মোকাবিলা করতে হবে।
গত বুধবার চট্টগ্রামের দুজন সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ ও চন্দন বিশ্বাসকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে হুমকি দেওয়া হয়।