হুমকির পরদিনই হালিম আজাদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাংলা) উপ-প্রধান বার্তা সম্পাদক কবি হালিম আজাদকে হুমকির পরদিনই নারায়ণগঞ্জের একটি আদালতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে।
মানহানি মামলার আবেদন করা হয়েছে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিজ আশরাফের বিরুদ্ধেও।
সেলিম ওসমানের অনুগত হিসেবে পরিচিত জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে এ মামলার আবেদন করেন।
তবে মামলাটি গ্রহণ করা হবে কি হবে না এ বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন।
মামলার বাদীর আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, প্রেসক্লাবের দেওয়া বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মানহানি হয়েছে। মামলায় খোকন সাহাকে সহযোগিতা করেন আবদুল মজিদ খোন্দকারসহ বেশ কয়েকজন আইনজীবী।
হালিম আজাদকে চাকরি থেকে বরখাস্ত ও গ্রেপ্তারের দাবিতে গত বুধবার নারায়ণগঞ্জে ওসমান পরিবারের অনুগতদের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নারায়ণগঞ্জ-৫ আসনের জাপা (এ) দলীয় সাংসদ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সেলিম ওসমান হালিম আজাদকে বক্তব্য প্রত্যাহার করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, ‘এ সময়ের মধ্যে আপনি যদি সরকারের কাছে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে আপনার বিরুদ্ধে শত শত মামলা করা হবে। আমাদের অপমান করছেন, সঙ্গে প্রধানমন্ত্রীকেও জড়াচ্ছেন, আপনার জিব কেটে ফেলবে নারায়ণগঞ্জের মানুষ। যারা টক শোতে গিয়ে ওসমান পরিবারের বিরুদ্ধে অপপ্রচার করে, তারা নারায়ণগঞ্জের শত্রু।’