হুমকির মধ্যেও সাংবাদিকতা চালিয়ে গেছেন মানিক সাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত হওয়ার আগে সাংবাদিক মানিক চন্দ্র সাহাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল। তিনি এ ব্যাপারে কিছুটা চিন্তিত থাকলেও সাংবাদিকতার পথ ছেড়ে দেননি। এ কারণেই তাঁকে মৃত্যুবরণ করতে হয়েছে।

গতকাল রোববার খুলনা প্রেসক্লাবে মানিক সাহার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় মানিক সাহাকে নিয়ে স্মৃতিচারণা করেন তাঁর সমসাময়িক ও ঘনিষ্ঠ খুলনার কয়েকজন সাংবাদিক।

বক্তারা বলেন, মানিক সাহা ছিলেন অত্যন্ত মেধাবী ও প্রগতিশীল। এ কারণে ছাত্র ইউনিয়ন করার পরও আওয়ামী লীগ তাঁকে দলে নিতে চেয়েছিল। তাঁর বিভিন্ন লেখা ও কর্ম খুলনার সাংবাদিকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

একুশে পদকপ্রাপ্ত মানিক সাহা ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি। তিনি দৈনিক সংবাদ ও একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি এবং বিবিসি বাংলা বিভাগের কন্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করতেন। ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের মাত্র ৫০ গজ দূরে ছোট মির্জাপুর এলাকায় দুর্বৃত্তদের বোমার আঘাতে তিনি নিহত হন।

গত বছরের ৩০ নভেম্বর এই হামলার মামলার রায় হয়। রায়ে ১১ জন আসামির মধ্যে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। স্মরণসভায় বক্তারা এই রায় যেন উচ্চ আদালতেও বহাল থাকে সেই দাবি জানান।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, সাবেক সভাপতি মকবুল হোসেন ও শেখ আবু হাসান, জ্যেষ্ঠ সহসভাপতি শেখ দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।