হুমকির মুখে অসুস্থ গৃহবধূর স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে গ্রাম্য সালিসে অমানবিক নির্যাতনের শিকার সেই দুই গৃহবধূর একজন গত রোববার রাতে হুমকির মুখে হাসপাতাল ছেড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ওই গৃহবধূ বলেন, গ্রাম্য সালিসে লাঠিপেটা করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। গত রোববার তিনি বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এর পর থেকে তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। ভয়ে তিনি রাতে হাসপাতাল ছেড়ে চলে যান।গৃহবধূর অভিযোগ, গত রোববার বিকেলে ও সন্ধ্যায় পাঁচ-সাতজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হাসপাতালে গিয়ে তাঁকে বলেন, ‘চেয়ারম্যানকে (ইউপি চেয়ারম্যান আয়নাল হক) বাঁচাতে হবে। তুমি হাইকোর্টে গিয়ে বলবে, চেয়ারম্যান নির্দোষ। অন্যথায় তোমার পরিণতি খারাপ হবে।’ তাঁকে মুঠোফোনেও এ ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।গৃহবধূ বলেন, তাঁকে হুমকি দেওয়ার বিষয়টি হাসপাতালের কর্তব্যরত সেবিকাদের জানিয়ে নিরাপত্তা চাইলে তাঁরা দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। এ অবস্থায় রাত নয়টার দিকে তিনি হাসপাতাল থেকে গোপনে বের হয়ে পুলিশকে ফোন করেন। পরে পুলিশ তাঁকে বাড়িতে পৌঁছে দেয়।বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উল সহীদ বলেন, ওই গৃহবধূ তাঁদের বলেছেন, বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকি ৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয় লোকজন তাঁকে হুমকি দেওয়ায় তিনি হাসপাতাল থেকে বের হয়ে এসেছেন। পরে পুলিশ পাহারায় তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। পরিদর্শক মেজবাহ জানান, কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল ছাড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তিনি আরও জানান, গতকাল সোমবার একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় পুলিশের পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই গৃহবধূর চিকি ৎসা শেষে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হয়।রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকারী চিকি ৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহবুব বলেন, ‘ওই গৃহবধূ আমাদের কাউকে কিছু না বলে রোববার রাতে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। তবে এটা ঠিক, তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে লোকজন ভিড় করছিল।’‘সালিসে প্রকাশ্যে দুই গৃহবধূকে লাঠিপেটা’ শিরোনামে গত ৭ জুলাই প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে এলে গত ২৪ জুলাই বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন এবং বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সালিসে অংশ নেওয়া সাতজনকে ৩১ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।