হুমকির মুখে আ.লীগ প্রার্থীর নির্বাচন বর্জন
পুলিশি হয়রানি এবং স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মারধর ও হুমকি-ধমকির অভিযোগ এনে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. হাসান যুবায়ের। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে যুবায়ের লিখিত বক্তব্যে বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছিলেন এবং মারধর করে আসছিলেন। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থাই নেয়নি।
গত মঙ্গলবার রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা একই ইউনিয়নের টেংরামারি গ্রামে আমার সমর্থকদের মারধর করেন। বিষয়টি স্থানীয় পুলিশ-প্রশাসনকে জানানো হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থল যায়।
পুলিশের উপস্থিতিতেই আবারও ওই সন্ত্রাসী বাহিনী আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ উল্টো আমার কর্মী-সমর্থকদের লাঠিপেটা করে। পরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আমার প্রায় ২০০ কর্মী-সমর্থকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটিসহ মোট চারটি মামলা করা হয়। মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি হয়রানির ভয়ে আমার কর্মী ও সমর্থকেরা এখন ঘরবাড়িছাড়া। এ বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের মুঠোফোনে ফোন করা হলে তিনি সংযোগ কেটে দেন। পরে আবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, মোস্তফার এক আত্মীয় শিল্পপতি। তিনিই প্রভাব খাটিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছেন।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের প্রার্থীর নেতা-কর্মী ও সমর্থকদের মারধরের বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ ছাড়া পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সমর্থকদের ওপর হামলা ও পুলিশ-প্রশাসনের অসহযোগিতার বিষয়ে কোনো অভিযোগ ওই প্রার্থী এর আগে দেননি। তবে আজ (বৃহস্পতিবার) দুপুরে তিনি নির্বাচন বর্জনের একটি লিখিত কাগজ আমার কাছে দিয়েছেন।’
কাল শনিবার এ উপজেলার চারটি ইউপিতে ভোট।