হুমকির মুখে আদালতে যাচ্ছেন না সাক্ষীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামিদের হুমকির মুখে মিরপুরের ব্যবসায়ী নেতা আফতাব হত্যা মামলার বাদী ও সাক্ষীরা আদালতে যেতে পারছেন না। ১০ বছর ধরে আলোচিত এ মামলাটি ঝুলে আছে। বিচার আর শেষ হচ্ছে না। মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।
পুলিশ বলেছে, মামলার প্রায় সব আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী। এদের মধ্যে বিদেশি পলাতক শীর্ষ সন্ত্রাসী শাহাদতও আছে। তারা হুমকি দিতে পারে। তবে সাক্ষী ও বাদীরা চাইলে তাঁদের নিরাপত্তা দেওয়া হবে।
আদালত সূত্র বলেছে, ২০১০ সালের ৩ অক্টোবর মিরপুরের ব্যবসায়ী নেতা আলোচিত আফতাব উদ্দীন হত্যা মামলাটি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রথমে বাতিল করা হয়। পরে ২০১১ সালের ২৭ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ ১৯ আসামির অব্যাহতির আদেশ বাতিল করেন। এতে করে সব আসামির বিরুদ্ধে মামলাটি চলমান থাকে।
২০০৫ সালের ডিসেম্বরে মিরপুর ১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী আফতাব উদ্দীনকে হত্যাকাণ্ডের অভিযোগে তাঁর ছোট ভাই আফরোজ উদ্দিন বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেছিলেন। তদন্ত শেষে শীর্ষ সন্ত্রাসী শাহাদতসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্রও দেয় পুলিশ। মামলার বাদী আফরোজ উদ্দিন প্রথম আলোকে বলেন, মামলাটি পুনরুজ্জীবিত হওয়ার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচার চলছিল। এ মামলার সব আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী। তাদের অনবরত হুমকির মুখে সাক্ষীরা আদালতে যেতে পারছেন না। এ কারণে তখন মামলার বিচারকাজ আটকে যাচ্ছে। তিনি বলেন, এ অবস্থায় মামলাটির বিচারকাজ থেমে যাওয়ার উপক্রম হয়েছে। হুমকির ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান। আবার অনেক সাক্ষী মুখে হুমকি পেলেও তা প্রকাশ করছেন না।
হুমকির ব্যাপারে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা প্রথম আলোকে বলেন, বাদী চাইলে তাঁকে নিরাপত্তা দেওয়া হবে। তবে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল প্রথম আলোকে বলেন, বাদী নিরাপত্তা চাইলে ব্যক্তিগতভাবে পুলিশকে দিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
পুলিশ সূত্র বলেছে, এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি শাহাদত হোসেন ১৪টি হত্যা ও খোরশেদ আলম ১০টি হত্যাসহ ১৩টি মামলার পলাতক আসামি। ওয়ার্ড কাউন্সিলর ছাইদুর রহমান ওরফে নিউটন হত্যাসহ দুটি মামলায় আদালত শাহাদতকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। আর নিউটন হত্যা মামলায় খোরশেদও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত। এঁরা দুজন পাঁচ বছর ধরে বিদেশে পালিয়ে আছেন। তাঁদের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজির অভিযোগে পাঁচ শতাধিক জিডি আছে। মামলার ১ নম্বর আসামি ওসমান গণির বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।