হুমকির মুখে গণতন্ত্র-মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিবি ও বাসদের নেতারা বলেছেন, বিজয়ের মাসে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ হুমকির মুখে পড়েছে। চলমান অস্থিরতার সুযোগ নিয়ে যুদ্ধাপরাধী জামায়াত ও শিবির চক্র পরিকল্পিতভাবে সারা দেশে নাশকতা চালিয়ে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-বাসদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে দল দুটির নেতারা এসব কথা বলেন। তাঁরা জামায়াতের সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, গণবিরোধী জামায়াত-শিবির গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ থামিয়ে দিতে চাইছে। তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে মদদ দিচ্ছে বিএনপি। আর সরকার তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না।
দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে এক হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ।