হুমকির মুখে টেকনাফ সৈকতের জীববৈচিত্র্য
কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্রসৈকতে চান্দের গাড়ি (জিপ), মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন অবাধে চলাচল করছে। এতে প্রতিদিন শত শত লাল কাঁকড়া, জেলি ফিশ ও বিভিন্ন ধরনের পোকামাকড় যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মারা যাচ্ছে। একই সঙ্গে সৈকতসংলগ্ন চিংড়ি হ্যাচারির পানি নিষ্কাশনের জন্য পুঁতে রাখা পাইপলাইন ভেসে ওঠায় সৈকতের সৌন্দর্যহানি ঘটছে। কক্সবাজার জেলার ১২০ কিলোমিটার দীর্ঘ পৃথিবীর বৃহত্তম সমুদ্রসৈকতের ৫৮ কিলোমিটার পড়েছে টেকনাফে। বিশাল সমুদ্রসৈকতে সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ভিড় জমান প্রতিদিন। পর্যটকদের সুবিধার্থে টেকনাফ সৈকত রয়েছে চান্দের (জিপ) গাড়ি। এ ছাড়া সৈকতের ওপর দিয়ে উপকূলীয় এলাকা বাহারছড়া ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ যাতায়াত করে। জোয়ার-ভাটার নিয়মে তারা যানবাহনে চলাচল করে। একদিকে পানি ও পাথর, অপর দিকে ঝাউবাগান। মাঝখান দিয়ে যানবাহনগুলো যাত্রী ও পর্যটকদের নিয়ে ছোটাছুটি করছে। উপজেলা পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কায়সার হামিদ বিশাল সৈকতে পানির পাইপলাইন ভেসে ওঠার পাশাপাশি গাড়ি চলাচল বন্ধে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সৈকত এলাকার বিভিন্ন স্থানে ঝাউবাগান নিধনের ফলে জোয়ারের ঢেউয়ে ভাঙন দেখা দিয়েছে। সৈকতসংলগ্ন এলাকায় আটটি চিংড়ি হ্যাচারি গড়ে উঠেছে। এসব হ্যাচারির পানি নিষ্কাশনের জন্য যে পাইপলাইন বসানো হয়েছে সেগুলো এক-দুই ফুট ওপরে ভেসে থাকায় সৈকতের সৌন্দর্যহানি ঘটছে।পরিবেশ অধিদপ্তর টেকনাফের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক বলেন, ‘লাল কাঁকড়া, পোকামাকড় ও সাগরের ঢেউয়ে উঠে আসা প্রাণীগুলো সৈকতের ইকোসিস্টেম টিকিয়ে রাখে। অবাধে যান চলাচলের ফলে ইকোসিস্টেম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ভাটার সময় সৈকতের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মারা যাচ্ছে।’ মোটরসাইকেল আরোহী সলিম উল্লাহ বলেন, সৈকত এলাকা মোটরসাইকেল চালানোর জন্য বেশ উপযোগী। এখানে অনেকে ড্রাইভিং শিখতে আসেন। সৈকতের ওপর দিয়ে চলাচলকারী চান্দের গাড়ির চালক আলী আহমদ ও নুরুল হোসাইন বলেন, বালুর ওপর দিয়ে গাড়ি চালানো কষ্টকর ব্যাপার। লবণাক্ত পানির কারণে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশে দ্রুত মরিচা ধরে। তাঁরা জানান, পরিবেশের ক্ষতির বিষয়টি তাঁদের জানা নেই। স্থানীয় জেলে ফরিদ আলম ও জসিম উদ্দিন বলেন, এ সৈকতে প্রতিদিন অর্ধশতাধিক মোটরসাইকেল ও চান্দের গাড়ি ঘোরাঘুরি করে। এতে জোয়ারের পানিতে ভেসে আসা জেলি ফিশ, কাঁকড়া ও বিভিন্ন ধরনের পোকামাকড় চাকায় পিষ্ট হয়ে মারা যাচ্ছে। টেকনাফ সৈকতপারে গড়ে ওঠা মেসার্স আল-মনছুর হ্যাচারির ব্যবস্থাপক এম জি আজম বলেন, ‘হ্যাচারির কিছু পাইপলাইন সাগরে পানি নিষ্কাশনের জন্য স্থাপন করা হলেও হঠাৎ করে সেগুলো ভেসে ওঠায় সৈকত এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।’ টেকনাফের ইউএনও আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সৈকতে ভেসে ওঠা পাইপলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।