হুমকির মুখে নিরাপত্তাব্যবস্থা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় দেয়াল ঘেঁষে অপরিকল্পিতভাবে স্থাপন করা হয়েছে একাধিক বিলবোর্ড। এতে নিরাপত্তাব্যবস্থা হুমকির মুখে রয়েছে বলে আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ।
এই আশঙ্কার কথা জানিয়ে ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছেন বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন। চিঠিতে তিনি এসব বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ করেছেন। একই ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও নৌপরিবহন মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম বন্দর ও কাস্টমস এলাকাকে কেন্দ্র করে প্রচুর বিলবোর্ড রয়েছে। এসব বিলবোর্ডে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণার পাশাপাশি রাজনৈতিক নেতাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দনও রয়েছে অনেক।
করপোরেশন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর শাখার যুবলীগ, ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা নগরের বৈধ-অবৈধ বিলবোর্ড ব্যবসা নিয়ন্ত্রণ করেন।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন বিলবোর্ড অপসারণের জন্য সিটি করপোরেশনকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিটি করপোরেশনের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম বন্দর কাস্টমসের সংরক্ষিত এলাকার দেয়ালের পাশে এবং ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর জেটি এবং সিপিআর গেটের পাশে অসংখ্য বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তিরা বন্দরের দেয়ালের ঝুঁকিপূর্ণ দূরত্বে এসব বিলবোর্ড স্থাপন করেছেন।
বিলবোর্ডগুলোতে ওপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। যার মাধ্যমে দুষ্কৃতকারীরা ওপরে উঠে বন্দর ও কাস্টমসের সংরক্ষিত এলাকার ভেতরে বোমা বা ককটেল নিক্ষেপ করে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করতে পারে। এতে আন্তর্জাতিক বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাব্যবস্থা দুর্বল ও ক্ষীণ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এসব বিলবোর্ড জরুরি ভিত্তিতে উচ্ছেদ করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
বন্দর সূত্রে জানা গেছে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর এলাকা থেকে বিলবোর্ড উচ্ছেদে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় গত বছরের ২৪ ডিসেম্বর চিঠি দিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭ জানুয়ারি এবং নৌপরিবহন মন্ত্রণালয় ২১ জানুয়ারি পৃথকভাবে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তাগাদাপত্র দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বন্দরের চিঠির বিষয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মেয়র মহোদয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বিলবোর্ড উচ্ছেদের জন্য কার্যকর ব্যবস্থা নিতে মেয়র মহোদয় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সে মোতাবেক বিলবোর্ড উচ্ছেদ অভিযান খুব দ্রুত আবার শুরু হবে।’
চট্টগ্রাম বন্দর ও জেটির দেয়াল ঘেঁষে স্থাপিত বিলবোর্ডের কারণে নিরাপত্তাব্যবস্থার সমস্যা হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিলবোর্ড মালিকদের সংগঠন ‘চিটাগং আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশেন’-এর সভাপতি ফরিদ মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে যদি এসব বিলবোর্ড অপসারণ করে, তাহলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’
করপোরেশন সূত্রে জানা গেছে, নগরে বৈধ বিলবোর্ডের সংখ্যা আট হাজার ৪৫১টি। অবৈধ বিলবোর্ডের সংখ্যা ৩২৩। এর মধ্যে ১২১টি অপসারণ করা হয়েছে। এখন আছে ২০২টি। তবে অবৈধ বিলবোর্ডের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে বিলবোর্ডের বিরুদ্ধে আন্দোলনরত বিভিন্ন সংগঠন। করপোরেশন ২০১২ সালের ১৬ জানুয়ারি অপসারণ অভিযান শুরু করে। এসব অভিযান পরিচালনা করেন করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।