হুমকির মুখে পাখির প্রজনন-বিচরণক্ষেত্র
জলচর পাখির বিচরণকেন্দ্র হিসেবে পরিচিত ভোলায় পাখির প্রজনন ও বিচরণক্ষেত্র দিন দিন শিকারিদের দখলে চলে যাচ্ছে। এ ছাড়া কৃষক ও জেলেদের অসচেতনতার কারণে পাখির অভয়ারণ্য হুমকির মুখে পড়েছে।
উপকূলীয় জলচর পাখিশুমারি দল সূত্রে জানা যায়, ১৯৮৭ সাল থেকে সারা বিশ্বের সঙ্গে ভোলায়ও জলচর পাখিশুমারি হচ্ছে। ২০১৩ সালে ৬৪ প্রজাতির প্রায় ৩৫ হাজার ৫০০টি ও ২০১৪ সালে ৬৬ প্রজাতির প্রায় ৪৯ হাজার ৯২৫টি পরিযায়ী পাখির শুমারি হয়। এ ছাড়া বক, গাংচিল, পানকৌড়িসহ ৬৫-৭০ দেশি প্রজাতির পাখি দেখা গেছে।
উপকূলীয় জলচর পাখিশুমারি দলের প্রধান পাখি পর্যবেক্ষক ও বিশেষজ্ঞ ইনাম আল হক বলেন, ভোলার চারপাশে সাগর মোহনা ও মেঘনা-তেঁতুলিয়ার মধ্যে জেগে ওঠা চরগুলো অতিথি ও দেশি প্রজাতির পাখির প্রধান প্রজনন ও বিচরণক্ষেত্র। কিন্তু পাখি ও মৎস্য শিকারি সেই ক্ষেত্র ধ্বংস করছে। বন কেটে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ চলছে। কারেন্ট জাল ও মশারি জালসহ নানান রকম অবৈধ জাল ও বিষ প্রয়োগ করে মাছ ও পাখি শিকার করছে। চাষাবাদে ব্যবহার হচ্ছে সার-কীটনাশক। কীটনাশক খেয়ে পাখি মারা যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ভোলা সদর উপজেলার মেঘনার মধ্যে জেগে ওঠা গাজীপুরচরে চাষাবাদ শুরু হয়েছে। ওই চরের পশ্চিম পাশে আরেকটি নতুন চর জেগে ওঠে। লোকে একে লেচকির চর বা কাঁচা চর বলে। এসব নতুন চর পাখিদের অভয়ারণ্য। সেখানে মো. দুলাল, সোহেল মাঝি, হেজু মাঝিসহ ছয়জন অবৈধ মশারিজাল দিয়ে মাছ ধরছেন। এতে ভাটার সময় পাখিরা যে ছোট মাছ, জলজ প্রাণি, খাদ্যকণা খুঁটে খেত সেগুলো খেতে পারছে না।
সোহেল মাঝি বলেন, পাখির কোনো সমস্যা হচ্ছে কি না তাঁরা জানেন না। মহাজন মাছ ধরতে পাঠিয়েছেন বলে তাঁরা ছোট মাছ ধরছেন। তবে মহাজনের নাম জানতে চাইলে তিনি তা বলতে চাননি।
চরের কৃষক মো. হাসান ও মো. ফরিদ বলেন, পূর্বের চরে দৌলতখান থেকে ট্রলার নিয়ে আসা পেশাদার শিকারিরা রাতের আঁধারে চরের মাটিতে বিষমাখা সেদ্ধ ধান ছিটিয়ে রাখে। ভোরের দিকে আসা শত শত বালিহাঁস, সিঁথি হাস, চখাচোখি ওই ধান খায়। ওই ধান খেয়ে পাখিগুলো ঝিমিয়ে পড়লে তাঁদের শিকার করা হয়। এ ছাড়া ভোলার গ্রামের হাটে, লঞ্চঘাটে প্রকাশ্যে অতিথি পাখি বিক্রি হচ্ছে। যার মূল্য ২০০-৪০০ টাকা।
এভাবে সারা বছর দেশি ও অতিথি পাখির কলরবে মুখর থাকা ভোলার কানীবগারচর, ভোলারচর, গাজীপুরারচর, মধুপুর, মদনপুর, নেয়ামতপুরসহ ইলিশা ও সাগর মোহনার মধ্যে জেগে ওঠা শতাধিক কাঁচা চর এখন পাখি ও মৎস্য শিকারিদের দখলে।
২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক লাখ টাকা জরিমানা, এক বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড। একই অপরাধ পুনরায় করলে দুই লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স শাখার কর্মকর্তা গৌতম চন্দ্র দে বলেন, গত ডিসেম্বরে পাখি শিকারের অপরাধে দৌলতখান ও সদর উপজেলায় সাতজনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ না থাকায় বন বিভাগ নিজস্ব উদ্যোগে ভোলার প্রতিটি রেঞ্জে নজরদারি দল তৈরি করেছে। কিন্তু অভিযান খরচ ও অস্ত্র না থাকায় বেশি সময় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার ভরসা করতে হচ্ছে।