গাড়িতে গ্যাস সিলিন্ডার লাগানোর প্রথম সাড়ে চার বছরের মধ্যে পুনঃপরীক্ষণ করার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এ ছাড়া নিম্নমানের সিলিন্ডার তৈরি ও বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
সর্বশেষ গত সোমবার ফটিকছড়িতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন নারী নিহত হন। আহত হন অন্তত সাতজন। ফটিকছড়িতে মাইক্রোবাসে ব্যবহূত সিলিন্ডারটি নিম্নমানের ছিল বলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গাড়িটি পুরোপুরি জ্বলে যায়। এর আগে চট্টগ্রাম নগর ও জেলায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই।
গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীরা জানান, চট্টগ্রামের বিভিন্ন গ্যারেজে তৈরি একটি সিলিন্ডার ১০ থেকে ১৫ হাজার টাকায় পাওয়া যায়। বিভিন্ন গ্যারেজে নিম্নমানের সিলিন্ডার তৈরি ও বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বাণিজ্যিক গাড়িতে এসব সিলিন্ডার ব্যবহূত হচ্ছে। ফলে জননিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে।
নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। একটি সিলিন্ডারের মেয়াদ সর্বোচ্চ ১৫ বছর। প্রথম সাড়ে চার বছরের মধ্যে ব্যবহূত সিলিন্ডারটি রিটেস্টিং (পুনঃপরীক্ষণ) করা বাধ্যতামূলক। অথচ সিএনজিচালিত একটি অটোরিকশাও রিটেস্টিং করা হয়নি। অন্য গাড়িগুলোর চিত্র একই ধরনের, যার সঙ্গে জননিরাপত্তা জড়িত।’
ফারুক আহমেদ বলেন, ‘আগামী সভায় বিষয়টি আমরা আলোচ্যসূচির অন্তর্ভুক্ত করব। এরপর বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আমরা কঠিন সিদ্ধান্ত নেব, যাতে রিটেস্টিং ছাড়া কোনো গাড়ি রাস্তায় নামতে না পারে।’
চট্টগ্রামে সিলিন্ডার পুনঃপরীক্ষণ করার অনুমোদন দেওয়া হয়েছে নাভানা ও ইন্ট্রাকো নামের দুটি প্রতিষ্ঠানকে। প্রতিটি প্রতিষ্ঠানে গড়ে প্রতিদিন তিন-চারটি গাড়ির সিলিন্ডার পুনঃপরীক্ষণের জন্য যায়। সোমবারের বিস্ফোরণের পর গতকাল মঙ্গলবার নাভানায় ১৫টি গাড়ির সিলিন্ডার পুনঃপরীক্ষণ হয়েছে। গাড়ির মালিকদের মধ্যে ভীতি সৃষ্টির কারণে পুনঃপরীক্ষণের প্রবণতা বেড়েছে, যা ইতিবাচক বলে পুলিশ কর্মকর্তারা মনে করছেন।
নাভানার প্রকৌশলী মজিবুল হক প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের বিভিন্ন গ্যারেজে নিম্নমানের সিলিন্ডার তৈরি ও বিক্রি হচ্ছে, যা জননিরাপত্তার জন্য হুমকি। প্রশাসনের নজরদারি থাকলে নিম্নমানের সিলিন্ডার বাজারজাত বন্ধ হবে।
নাভানা কর্তৃপক্ষ গত তিন বছরে প্রায় এক হাজার ৩০০ গাড়ির সিলিন্ডার পুনঃপরীক্ষা করেছে। এর মধ্যে ৩০টি গাড়ির সিলিন্ডার বিপজ্জনক পাওয়া গেছে, যা ফুটো করে বাতিল করে দেওয়া হয়।