হুমকির মুখে রামনগর গ্রাম
আঠারোবেকি নদীর ভাঙনে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামটি হুমকির মুখে পড়েছে। মানুষ চলাচলের একমাত্র রাস্তা, বেশ কিছু বাড়িঘর, মসজিদ ও কবরস্থান ইতিমধ্যে বিলীন হয়ে গেছে।ভাঙনকবলিত এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাত-আট বছর আগে থেকে আঠারোবেকি নদীসংলগ্ন রামনগর গ্রামে ভাঙন চলছে। তবে দুই বছর থেকে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ওই নদীতে মাঝের খেয়াঘাট থেকে ভাঙতে ভাঙতে ইতিমধ্যে রামনগর পুলিশ ফাঁড়ি পর্যন্ত এক কিলোমিটারের অধিক লম্বা রাস্তাটি বিলীন হয়ে গেছে। সেখানকার ১২টি বাড়ি, দুটি মসজিদ, বেশ কয়েকটি পাকা কবর বিলিন হয়ে গেছে। গ্রামের অনেকেই ঘরবাড়ি ছেড়ে দূরে বাসা ভাড়া করে বাস করছেন। আর নদীর পাড়ের বেড়িবাঁধটি না থাকায় জোয়ারের সময় ওই গ্রামটির দুই শতাধিক বাড়িতে পানি উঠে যাচ্ছে। আর দীর্ঘদিনের ভাঙনের কারণে যাদের সামান্য সামর্থ্যও আছে তারা এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। মঙ্গলবার সকালে আঠারোবেকি নদীর দক্ষিণপাড় ধরে রামনগর গ্রামে ঢোকার মুখে বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে দেখা হয়। তাদের প্রত্যেকের হাঁটু পর্যন্ত কাদা, প্যান্ট গোটানো। এক হাতে বই, অন্য হাতে স্যান্ডেল। জানতে চাইলে গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর সাইমুন ইসলাম বলে, ঘর থেকে বের হলেই কাদা, আর রাস্তায় হাঁটু পর্যন্ত পানি। বাধ্য হয়ে প্রতিদিন এভাবেই স্কুলে যেতে হচ্ছে। গ্রামের হতদরিদ্র কোহিনুর বেগম (৫০) বলেন, ‘দুই বিঘে জমিসহ বাড়িঘর সব নদীতি গেছে। এখন আমি সব হারায়ে ঘর ভাড়া নিয়ে অন্যের বাড়িতি থাকি।’ ফিরোজা বেগম (৪৫) বলেন, ‘শুধু ভোটের সময় নিতারা আমাগে খোঁজনে। পরে আমরা মরলাম না বাঁচলাম তা দ্যাহে না।’নৈহাটি ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাগে ওহিনি ভাঙন চলতেছে। ইতোমধ্যে নদীর কুলঘেঁষা ওই কলাপাড়ার অনেকগুলো বাড়িঘর, মসজিদ, কবর, গাছপালা সব নদীর মধ্যি চলে গেছে। এখন যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে ওই গ্রামটাই থাকবে না।’ রূপসা উপজেলা চেয়ারম্যান আলী আকবর শেখ বলেন, ভাঙন ঠেকাতে প্রকল্প পাস হয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রয়োজনীয় টাকা না দেওয়ায় প্রকল্পটি ওই অবস্থায় পড়ে আছে।খুলনা পাউবো-২-এর নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা বলেন, গত ২৫ মার্চ জলবায়ু তহবিলের আওতায় ১৮ কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার ভাঙন প্রতিরোধ বাঁধ নির্মাণে একটি প্রকল্প পাস হয়। তারা ৬০ শতাংশ টাকা দেওয়ার কথা বলে বাকি ৪০ শতাংশ পাউবোকে দিতে বলে। কিন্তু পাউবোর কোনো টাকা না থাকায় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না।খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) সাংসদ মোল্লা জালাল উদ্দিন বলেন, এ বিষয় নিয়ে গতকাল মঙ্গলবারও পানিসম্পদ মন্ত্রণালয়ে যোগাযোগ হয়েছে।