হুমকির মুখে সবুজ বেষ্টনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বঙ্গোপসাগরের তীরবর্তী পাথরঘাটা উপজেলায় সংরক্ষিত বন ও সবুজ বেষ্টনী প্রকল্পের বনাঞ্চল হুমকির মুখে পড়েছে। একদিকে সংরক্ষিত বনের মধ্যে বসতি স্থাপন করায় বনের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে, অন্যদিকে নির্বিচারে বনের গাছ কেটে উজাড় করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।সংরক্ষিত ও সবুজ বেষ্টনীর বন উজাড়ের ঘটনায় পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ২০০৭ সালের ১৫ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের মারাত্মক ধ্বংসযজ্ঞ থেকে এসব বন তাঁদের সুরক্ষা দিয়েছে। এই বন নিশ্চিহ্ন হয়ে গেলে পুরো পাথরঘাটা উপজেলা অরক্ষিত হয়ে পড়বে।পাথরঘাটায় পরিবেশ ও কৃষি বিষয়ে গবেষণার কাজে নিয়োজিত বেসরকারি সংস্থা ‘বারসিক’-এর গবেষণা কর্মকর্তা সাহাদাত ফয়সাল বলেন, একটি এলাকার পরিবেশ-প্রতিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় কমপক্ষে ১৬ ভাগ বনাঞ্চল থাকা দরকার, সেখানে বরগুনায় বনাঞ্চলের পরিমাণ সরকারি হিসাবে মাত্র নয় ভাগ। এটা খুবই শঙ্কার বিষয়। তার ওপর যেভাবে বনভূমির ওপর মানুষের উৎপীড়ন বাড়ছে, তাতে এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।সরেজমিন দেখা যায়, পাথরঘাটার বিষখালী নদীর তীরে উত্তরণ আবাসন প্রকল্প ও জিয়া মাঠ থেকে দক্ষিণ দিকে পোতাভাঙা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে সংরক্ষিত বনের মধ্যে ভূমিহীনেরা ঘর তুলে বসবাস করছে। এই তিন কিলোমিটার এলাকায় বসবাস করছে প্রায় ৫০০ পরিবার। এতে বন উজাড়ের পাশাপাশি বনের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এ ছাড়া হরিণঘাটা সংরক্ষিত বন থেকে পশ্চিমে জীনতলা পর্যন্ত দুই কিলোমিটার, বলেশ্বরের তীরের ছোট টেংরা আবাসন প্রকল্প থেকে হাজিরখাল এলাকা পর্যন্ত এক কিলোমিটার সংরক্ষিত বন ও আশপাশ এলাকায়ও বসবাস করছে আরও প্রায় দুই হাজার পরিবার। এসব পরিবারের সদস্যরা ছোট নৌকায় মাছ ধরার পাশাপাশি বন থেকে গাছ কেটে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এ ছাড়া এলাকার সংঘবদ্ধ কাঠ চোরেরা বাসিন্দাদের সহায়তায় গাছ কেটে বন উজাড় করছে। এসব গাছের বেশির ভাগই স্থানীয় ইটভাটা, কয়লা কারখানায় ও অন্যান্য ক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে।জিয়া মাঠসংলগ্ন বনের মধ্যে টং ঘর তুলে বসবাসকারী আ. মালেক বলেন, ‘জমিজমা নাই বইল্লা কাজের সন্ধানে পাথরঘাটা আইছি। কিন্তু থাকমু কই, তাই বনের সরকারি জাগায় ঘর তুলছি।’ একই কথা বলেন এমাদুল, শহিদুলসহ অনেকে।খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে পাথরঘাটায় কাঠকয়লা তৈরির জন্য ১৭টি কয়লা কারখানা এবং ইট পোড়ানোর জন্য কমপক্ষে ৫০টি ইটভাটা ও পাঁজা রয়েছে। এসব ভাটা ও কয়লা কারখানায় প্রতিদিন হাজার হাজার টন কাঠ পোড়ানো হচ্ছে। পাথরঘাটার সংরক্ষিত ও সৃজিত বন থেকে এসব কাঠ সংগ্রহ করা হচ্ছে। পাথরঘাটা বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার কালমেঘা থেকে কুপদোন, লেমুয়া থেকে বান্ধবপাড়া, কূপদোন থেকে বাইনচটকি, মুন্সিগঞ্জ সেতু থেকে চরদুয়ানি বাজার পর্যন্ত ৩১ কিলোমিটার থানা বনায়ন, ৪৩ দশমিক ৫ কিলোমিটার উপকূলীয় বাঁধ বনায়ন, ৬৪ দশমিক ৫ কিলোমিটার সবুজ বেষ্টনী, বিষখালী নদী ও বলেশ্বর নদের তীরের ২১৮ দশমিক ২ হেক্টর জমিতে চর বনায়ন করা হয়।বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আ. লতিফ খান বলেন, বাঁধের ওপর বসবাসকারী ভূমিহীনেরা আস্তে আস্তে সংরক্ষিত বনের মধ্যে ঢুকে বসতি গড়ে। এতে অনেক সময় তাঁদের কিছুই করার থাকে না। তবে দেদার গাছ পাচারের বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ছোটখাটো বেশকিছু ঘটনা আছে, সেসব দিকে নজর রাখা হচ্ছে এবং ধরা পড়লে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।