হুমায়ুন ও সোবহানের মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-২ আসনের উপনির্বাচনে সাবেক সাংসদ হুমায়ুন কবির হিরু ও বেতাগী উপজেলা পরিষদের পদত্যাগী ভাইস চেয়ারম্যান আবদুস সোবহানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল শনিবার দুজনই জানিয়েছেন, বাতিল আদেশের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত দিনে চারজনের আবেদন যাচাই-বাছাই করা হয়। কিন্তু মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় স্বাক্ষর না করাসহ একাধিক শর্ত পূরণ না হওয়ায় হুমায়ুন কবির ও আবদুস সোবহানের মনোনয়নপত্র বাতিল করা হয়। সবকিছু ঠিক থাকায় আওয়ামী লীগের প্রার্থী শওকত হাচানুর রহমান ওরফে রিমন ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম সরোয়ার হিরুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
আমও গেল, ছালাও গেল: যুবলীগের বেতাগী উপজেলার সাবেক নেতা আবদুস সোবহান ২০০৯ সালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর তিনি বিএনপিতে যোগ দেন। পরে তাঁকে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করায় আবদুস সোবহানকে উপজেলা কৃষক দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি ও কৃষক দলে তাঁর প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।