
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসক শামারুখ মাহজাবিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও তাঁর স্বামী হুমায়ুন সুলতান সাদাবকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে কারাবন্দী হুমায়ুনের মুক্তি পেতে আইনগত বাধা থাকল না।
হুমায়ুন আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতানের ছেলে। হাইকোর্টের দেওয়া তাঁর জামিন আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার তা খারিজ করে দেন। আদালতে হুমায়ুনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম ও মো. মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাধন কুমার বণিক।
গত ২ মার্চ হুমায়ুনকে জামিন দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। গত ৯ মার্চ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জামিন আদেশ স্থগিত করে ১ এপ্রিলের মধ্যে আপিলের আবেদন করতে বলেন। গত বুধবার রাষ্ট্রপক্ষ আবেদন করলে গতকাল তা শুনানির পর আপিল বিভাগ খারিজ করেন।
জানতে চাইলে সাধন কুমার বণিক প্রথম আলোকে বলেন, ‘আমাদের আপিল আবেদন খারিজ করে দেওয়ায় হাইকোর্টের জামিনের আদেশ বহাল থাকল। ফলে এখন কারাগার থেকে হুমায়ুনের মুক্তিতে কোনো বাধা নেই।’
গত বছরের ১৩ নভেম্বর শ্বশুরবাড়িতে শামারুখ মাহজাবিনের (খান টিপু সুলতানের ধানমন্ডির বাসায়) রহস্যজনক মৃত্যু হয়। ওই রাতে খান টিপু সুলতান, তাঁর স্ত্রী অধ্যাপক জেসমিন আরা ও তাঁদের ছেলে হুমায়ুন সুলতানকে আসামি করে হত্যা মামলা করেন শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম। মামলায় বলা হয়, পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে শামারুখকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার হয়ে হুমায়ুন কারাগারে আছেন। আর খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী আগাম জামিনে আছেন।