হুমায়ূন তাঁর নিজগুণেই সাহিত্যে টিকে থাকবেন
চারপাশের দেয়ালে ঝুলছে তাঁর জীবনের নানা মুহূর্তের খণ্ডচিত্র। কত বর্ণাঢ্য সেই জীবন! কিন্তু তিনি নেই। তাঁর সঙ্গে কাটানো বহু ঘটনার স্মৃতিচারণা আর বাংলা সাহিত্যে, নাটকে, চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান নিয়ে কথা হলো অনেক। না থেকেও মধ্যমণি হয়ে থাকলেন তিনি—জননন্দিত হুমায়ূন আহমেদ। গতকাল শনিবার বিকেলে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছিলেন তাঁর বইয়ের প্রকাশকেরা। প্রকাশকেরা ছাড়াও পরিবারের সদস্য, শিক্ষাবিদ, সাহিত্যিক, সুহূদসহ তাঁর গুণগ্রাহীরা প্রিয়জন হারানোর শোক ও ভালোবাসা নিয়ে সমবেত হয়েছিলেন এই আয়োজনে। আলোচকেরা নানা দৃষ্টিকোণ থেকে হুমায়ূনের বিপুল বৈচিত্র্যময় সৃজন সম্ভারের মূল্যায়ন করেছেন। পর্যালোচনা করেছেন কর্ম ও জীবনচর্যার। কেউ কেউ তাঁর সঙ্গে কাটানো একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বলেছেন। তাঁর সাহিত্যকৃতির মূল্যায়ন করে আলোচকেরা বলেন, হুমায়ূন তাঁর নিজগুণেই সাহিত্যে টিকে থাকবেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘যে বহুমুখী প্রতিভা তাঁর সৃজনশীলতাকে আন্দোলিত করেছিল তাতে আমরা গল্প, উপন্যাস, নাটক, ভ্রমণকাহিনি, চলচ্চিত্র, ছবি ও গান পেয়েছি। এত দিক থেকে তিনি আমাদের সমৃদ্ধ করেছেন। তাঁর এসব কাজ বিশ্লেষণ ও ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের। এর মধ্যে দিয়েই আমরা নতুন করে তাঁকে গ্রহণ করতে পারব। তাঁর অকাল মৃত্যুতে আমরা শোক প্রকাশ করেছি এখন আমরা আনন্দের সঙ্গে, ভালোবাসার সঙ্গে তাঁকে স্মরণ করব।’ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী হুমায়ূনের শিক্ষার প্রতি অনুরাগের দিকটি তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি হুমায়ূনের শহীদ স্মৃতি বিদ্যাপীঠের কথা উল্লেখ করেন, এখনো এটি এমপিওভুক্ত না হওয়ায় দুঃখ প্রকাশ করেন।অধ্যাপক শফী আহমেদ বলেন, ‘একটা মানুষ এতভাবে আমাদের মধ্যে আছেন তা বিস্ময়কর। আমরা আবেগতাড়িত হয়ে তাঁর সম্পর্কে নানা কথাই বলতে পারি। তবে এখন তাঁর কাজ নিয়ে গভীর বিশ্লেষণ ও গবেষণা করা প্রয়োজন।’
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক পরিষদের পক্ষে মফিদুল হক বলেন, ‘বাংলাদেশের প্রকাশনা হুমায়ূন আহমেদের আগে এবং পরে দুটি আলাদা রূপ ধারণ করছে। তাঁর সাহিত্যের শিল্পগুণ ও মানুষের প্রতি অসাধারণ দরদ, নতুন দৃষ্টিভঙ্গি, সাহিত্যের ভাষাকে মানুষের মুখের ভাষার কাছাকাছি নিয়ে যাওয়া—এসবের মধ্যে দিয়ে তিনি যে বিশাল পাঠকগোষ্ঠী সৃষ্টি করেছেন এবং মানুষের হূদয়ে স্থান করতে পেরেছেন, তা কেবল বাংলা সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যেই বিরল।’ প্রকাশকদের পক্ষে অবসর ও প্রতীক প্রকাশনার কর্ণধার আলমগীর রহমান হুমায়ূন আহমেদের স্মৃতি রক্ষার জন্য রাজধানীর একটি বড় সড়ক, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাস ও বাংলা একাডেমী বা জাতীয় গ্রন্থাগারের একটি কক্ষের নামকরণ করার দাবি জানান।কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, হুমায়ূনের স্মৃতি রক্ষা করতে হলে তাঁর স্বপ্নগুলোকে রক্ষা করতে হবে।সাংবাদিক সালেহ চৌধুরী, হুমায়ূনের সব কাজ সংরক্ষণ করার জন্য একটি আর্কাইভ গড়ে তেলার কথা বলেন। প্রকাশকদের তিনি হুমায়ূনের বইগুলো নির্ভুলভাবে প্রকাশ করার আহ্বান জানান।সমকাল সম্পাদক গোলাম সারওয়ার হুমায়ূন চর্চাকেন্দ্র প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি বৈষয়িক দিকের কথা উল্লেখ করে বলেন, তাঁর বই এবং অন্যান্য কাজের যথাযথ রয়্যালটি যেন তাঁর পরিবার পায় সেই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বিভিন্ন টিভি চ্যানেলে তাঁর যে নাটকগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করার কথা বলেন।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘ভোরের কাগজ এবং প্রথম আলোর শুরু থেকে হুমায়ূন আহমেদ তাঁর জীবনের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। গল্প, উপন্যাস, সাক্ষাৎকার ছাড়াও তিনি সমাজ, দেশ ও রাজনীতি নিয়েও ছোট ছোট লেখা লিখেছেন। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ছিলেন তিনি। গভীরভাবে জীবনকে দেখেছেন। বীরের মতোই তাঁর মৃত্যু হয়েছে।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কথাশিল্পী আনিসুল হক বলেন, ‘তাঁর লেখা পড়ে আমাদের সুকুমার বৃত্তির বিকাশ হয়েছে। বেড়ে ওঠার সময় আমাদের অভিজ্ঞতার অংশ হয়ে উঠেছিলেন তিনি। ফলে তাঁর চলে যাওয়ায় সবাই মনে করেছে নিজের একটি অংশ চলে গেছে। এত শোক, এত কান্না, এত লেখা হয়েছে তাঁর জন্য, এভাবে আর কারও জন্য হয়েছে কি না জানি না।’
গ্যালারির দেয়ালের ছবিগুলো তুলেছিলেন আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন। তিনি বলেন, ব্যক্তিগত জীবনে হুমায়ূন আহমেদ ছিলেন নিরহংকার, সাদাসিধা মানুষ। তাঁর কাজের মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন।প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, তাঁর অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। সবাই মিলে হুমায়ূনের স্মৃতিরক্ষার উদ্যোগ নেওয়া আহ্বান জানান তিনি।
লেখকের ছোট ভাই আহসান হাবীব বলেন, ‘তাঁর মৃত্যুর পর এত মানুষ তাঁর প্রতি শোক, সমবেদনা ও ভালোবাসা প্রকাশ করেছে যে আমরা অভিভূত হয়েছি। তাঁর প্রতি মানুষের এই ভালোবাসাই আমাদের পরিবারকে তাঁকে হারানোর শোক কাটিয়ে উঠতে সাহায্য করছে।’ আরও আলোচনা করেন কবি হাসান হাফিজ ও কথাশিল্পী নাসরীন জাহান। অনুষ্ঠানের শেষ প্রান্তে কথা বলতে আসেন হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন। দুই ছেলে নিষাদ ও নিনিতকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। শাওন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা যেভাবে তাঁর কথা আলোচনা করলেন তাতে আজকের দিনটি আমার খুব ভালো কেটেছে। আমরা বাংলা ভাষাভাষীরা সৌভাগ্যবান যে একজন হুমায়ূন আহমেদ আমাদের মধ্যে ছিলেন।’ তিনি হুমায়ূনের বইগুলো ইংরেজিসহ বিদেশি ভাষায় অনুবাদ করে অন্য ভাষাভাষীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রকাশদের অনুরোধ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্যপ্রকাশের পরিচালক আবদুল্লাহ নাসের।