হুমায়ুন আজাদ হত্যা মামলার বিচারকাজ শেষ পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ুন আজাদ
ফাইল ছবি

বহুমাত্রিক লেখক-অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলার বিচারকাজ শেষ পর্যায়ে। এ মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন। আসামিপক্ষের আইনজীবীরাও আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল ইসলাম বুধবার রাতে প্রথম আলোকে বলেন, অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে আগেই। করোনার কারণে আদালতের স্বাভাবিক বিচারকাজ বন্ধ ছিল। আবার নতুন করে বিচারকাজ শুরু হয়েছে।

আশা করা হচ্ছে, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে শিগগিরই মামলার রায়ের দিন আসবে।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরদিন তাঁর ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর ওই বছরেরই ১২ আগস্ট জার্মানিতে মারা যান হুমায়ুন আজাদ। এরপর হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযুক্ত করার আবেদন জানান। আদালত তা মঞ্জুর করলে এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

২০০৭ সালের ১৪ জানুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ওই বছরই অভিযোগ গঠন করা হয়। এ মামলায় কারাগারে আছেন দুই আসামি। তাঁরা হলেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শুরা সদস্য মিজানুর রহমান ও আনোয়ার আলম। এই মামলায় পলাতক আছেন আসামি সালেহীন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ। মারা গেছেন আসামি হাফিজ মাহমুদ।

শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আদালতকে বলেন, হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের সঙ্গে পাঁচজন জড়িত ছিলেন। আসামিদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় ৪১ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছে। সাক্ষীদের জবানবন্দি, মামলার আলামত ও আসামির জবানবন্দির ভিত্তিতে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ তাঁর মক্কেলদের নির্দোষ দাবি করেন।