হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় আরেক জেএমবি নেতা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুমাত্রিক লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসানকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন।অতিরিক্ত সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আসামি হাফেজ মাহমুদ জেএমবির শুরা সদস্য। বাগেরহাটসহ দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ৪০টি মামলা রয়েছে। তিনি বলেন, অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টার ঘটনায় এই জঙ্গি নেতার জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা হুমায়ুন আজাদকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় রমনা থানায় মামলা হয়। সিআইডি ২০০৭ সালের ১৪ নভেম্বর মামলাটির অভিযোগপত্র দেয়। তাতে জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, তাঁর ভাই আতাউর রহমান ওরফে সানি, নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীম, মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক ও ভাগ্নে শহিদকে আসামি করা হয়। এর মধ্যে শায়খ আবদুর রহমান ও আতাউর রহমানের অপর এক মামলায় ফাঁসি হয়েছে। মিজানুর রহমান কারাগারে এবং বাকি দুজন পলাতক আছেন।আদালতের নির্দেশে গত বছর মামলাটির পুনর্তদন্ত শুরু করে সিআইডি।হুমায়ুন আজাদ বিদেশে উন্নত চিকিৎসা শেষে সুস্থ হন এবং এক গবেষণাকাজে জার্মানি গেলে ২০০৪ সালের ১১ আগস্ট সে দেশে তিনি মারা যান।