হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় সাঈদীকে রিমান্ডে নেওয়ার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার এ আবেদন করা হয়। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান আগামী ১৫ জুলাই সাঈদীর উপস্থিতিতে রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।সিআইডির পরিদর্শক মোস্তাফিজুর রহমান আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, হুমায়ুন আজাদের লেখা ২০০৩ সালে ‘পাক সার জামিন সাদ বাদ’ প্রকাশের পর দেলাওয়ার হোসাইন সাঈদী বিভিন্ন ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেন। তাই সাঈদীকে হুমায়ুন আজাদ হত্যাচেষ্টার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সাঈদীকে বর্তমানে রমনা থানার গাড়ি পোড়ানো এবং ফারুক হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।