হুমায়ুন আহমেদকে নিয়ে মিথ্যা তথ্য পরিবেশনে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যপ্রয়াত নন্দিত কথাসাহিত্যিক-নাট্যকার-চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ ও তাঁর পরিবার নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য পরিবেশনে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন দেশের ২০ জন বিশিষ্ট নাগরিক। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তাঁরা বলেন, সম্প্রতি প্রকাশিত বিশ্বজিত্ সাহা রচিত হুমায়ুন আহমেদের শেষ দিনগুলো নামের বইটিতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। জুড়ে দেওয়া হয়েছে লেখকের মৃত্যু-পরবর্তী সময়ে নিউইয়র্কের কোনো কোনো পত্রিকায় ছাপানো নোংরা লেখালেখি ও ব্যক্তিগত কুত্সা, যেগুলোতে সত্যের লেশমাত্র ছিল না—হলুদ সাংবাদিকতার সেই সব নমুনাও। এ ধরনের গ্রন্থ প্রকাশ তাঁর প্রতি চরম অবমাননার শামিল। বিবৃতিতে বইটি থেকে আপত্তিকর অংশগুলো বাদ দেওয়ার জন্য লেখকের প্রতি আহবান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ শামসুল হক, আ আ ম স আরেফিন সিদ্দিকী, হায়াত্ মামুদ, রাবেয়া খাতুন, গোলাম মুরশিদ, গোলাম সারওয়ার, শামসুজ্জামান খান, সেলিনা হোসেন, আসাদুজ্জামান নূর, নাসির উদ্দীন ইউসুফ, রাশেদা কে চৌধুরী, জ্যোতিপ্রকাশ দত্ত, সৈয়দ মনজুরুল ইসলাম, আনোয়ারা সৈয়দ হক, পূরবী বসু, ফরিদুর রেজা সাগর, ইমদাদুল হক মিলন, জুয়েল আইচ, ফেরদৌসী প্রিয়ভাষিনী।