হুমায়ুন কবীর বালুর মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, ‘হুমায়ুন কবীর বালু শুধু একজন আদর্শ সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন খুলনার বিভিন্ন আন্দোলনের অগ্রসৈনিক। আমি সরকারের কাছে আবেদন জানাব, যাতে দ্রুততম সময়ের মধ্যে বালু হত্যার অধিকতর তদন্ত শেষ হয়।’খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক হুমায়ুন কবীর বালুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনার মেয়র। গতকাল রোববার সকালে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও মরহুমের পরিবারের সদস্যরা।২০০৪ সালের ২৭ জুন নগরের শান্তিধাম মোড়ের নিজ কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নির্মমভাবে নিহত হন হুমায়ুন কবীর বালু। আহত হন তাঁর বড় ছেলে আসিফ কবীর। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় দুটি মামলা হয়। বিস্ফোরক মামলার অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে। কিন্তু এক বছরের বেশি সময় পার হলেও তদন্ত শেষ হয়নি।