চিকিৎসক শামারুখ মাহজাবীনের মৃত্যুর ঘটনায় করা মামলায় তাঁর স্বামী হুমায়ুন সুলতানের জামিনের আবেদন মহানগর দায়রা জজ আদালতও নাকচ করে দিয়েছেন। গতকাল সোমবার শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েশ এ আদেশ দেন।
এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত হুমায়ুনের জামিনের আবেদন নাকচ করেছিলেন। পরে তিনি মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। গতকাল তা নাকচ করেন আদালত।
গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে শ্বশুর সাবেক সাংসদ খান টিপু সুলতানের বাসায় চিকিৎসক শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় শামারুখের বাবা নুরুল ইসলাম ওই দিন রাতে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় খান টিপু সুলতান, তাঁর স্ত্রী জেসমিন আরা ও ছেলে হুমায়ুনকে আসামি করা হয়। হুমায়ুনকে ১৩ নভেম্বর রাতেই গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়। খান টিপু ও তাঁর স্ত্রী উচ্চ আদালত থেকে জামিনে আছেন।