হুমায়ূন আহমেদ ও মাজহারুলের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক
নন্দিত লেখক ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং স্থপতি মাজহারুল ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভা বৈঠকে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে শোকপ্রস্তাব নেওয়ার কথা জানান।মন্ত্রিপরিষদ সচিব বর্তমান সরকারের এ সময়ে এবং বিগত সরকারের একই সময়ে মন্ত্রিসভার বৈঠক সম্পর্কিত কিছু কার্যক্রমের তুলনামূলক চিত্র প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার গঠনের দিন অর্থাৎ ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ৩০ জুন ২০১২ (মোট ১২৭১ দিন) পর্যন্ত মন্ত্রিসভার মোট ১৫৬টি বৈঠক হয়েছে। এসব বৈঠকে এক হাজার ৫৫টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৯৭৪টি সিদ্ধান্ত। বাস্তবায়নের হার ৯২ ভাগ। তা ছাড়া এ সময়ে ৩৩টি কর্মকৌশল, ৮৬টি চুক্তি ও সংসদে ১৮০টি আইন পাস হয়েছে। অন্যদিকে ২০০১ সালের ১০ অক্টোবর থেকে ২০০৫ সালের ৩ এপ্রিল (১২৭১ দিন) পর্যন্ত ১৫০টি বৈঠক হয়। এ সময়ে সিদ্ধান্ত হয় ৫৪৪টি এবং বাস্তবায়ন হয় ৩৯৫টি। বাস্তবায়নের হার ৭২ দশমিক ৬০ ভাগ। এ ছাড়া ১৪টি কর্মকৌশল, ৪১টি চুক্তি এবং জাতীয় সংসদে ১২২টি আইন পাস হয়।গতকালের বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেন উপস্থিত ছিলেন না। ওই মন্ত্রী পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তাঁর কাছে এমন কোনো তথ্য নেই বা কাগজপত্র নেই। তবে তিনি বৈঠকে ছিলেন না।