হুমায়ূন আহমেদের অস্ত্রোপচার সফল হয়েছে
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অস্ত্রোপচার সফল হয়েছে। টানা সাড়ে ছয় ঘণ্টা অস্ত্রোপচারের পর তাঁর জ্ঞান ফিরেছে। তাঁকে পোস্ট অপারেটিভ কক্ষে রাখা হয়েছে। নিউইয়র্ক সময় মঙ্গলবার সকাল নয়টা ২২ মিনিটে নগরের বিখ্যাত বেলভ্যু হাসপাতালে হুমায়ূন আহমেদের অস্ত্রোপচার শুরু হয়। হাসপাতালের অনকোলজি বিভাগের জ্যেষ্ঠ সার্জন জর্জ মিলারের তত্ত্বাবধানে অস্ত্রোপচারে সহযোগিতা করেন ড. জ্যানিয়েল কুজউন এবং ড. উইলিয়াম।অস্ত্রোপচারের মাধ্যমে হুমায়ূন আহমেদের লিভারে ছড়িয়ে পড়া ক্যানসারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর কোলনের ক্যানসারে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে।সফল অস্ত্রোপচারের পর সার্জন জর্জ মিলার বিকেল সাড়ে চারটার দিকে হুমায়ূন আহমেদকে পোস্ট অপারেটিভ কক্ষে স্থানান্তর করেন। এ সময় হাসপাতালে উপস্থিত স্বজনদের কাছে চিকিৎসকেরা অস্ত্রোপচারের খুঁটিনাটি ব্যাখ্যা করেন। হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা চমৎকার বলে তাঁরা মন্তব্য করেছেন।অস্ত্রোপচার চলাকালে দিনভর হাসপাতালে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, প্রকাশক মাযহারুল ইসলাম, লেখক দম্পতি ড. জ্যোতি প্রকাশ দত্ত ও পূরবী দত্ত, মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা এবং লেখকের বাল্যবন্ধু নুরুজ্জামান মণ্ডল।বেলভ্যু হাসপাতাল থেকে বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে জানিয়েছেন, ৪৮ ঘণ্টা পর হুমায়ূন আহমেদকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সাত থেকে দশ দিন তাঁকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হবে বলে জানানো হয়েছে।