হুমায়ূন আহমেদের কবরে ভক্তদের পুষ্পার্ঘ্য
বাবাকে ছাড়া এই প্রথমবার গাজীপুরের নুহাশপল্লীতে ঈদ উদ্যাপন করল সদ্য প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোট দুই ছেলে নিষাদ ও নিনিত। ঈদের ছুটিতে নুহাশপল্লীতে সমাগম ঘটে হাজারও ভক্তের। তাঁরা প্রিয় লেখকের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সেন্ট মার্টিনে হুমায়ূন আহমেদের বাড়ি সমুদ্র বিলাসেও ভিড় জমে পর্যটকদের। তাঁর স্মরণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় করা হয় আলোর মিছিল।ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:গাজীপুর: নিষাদ ও নিনিত নীল রঙের পাঞ্জাবি পরে নুহাশপল্লীর নিকটবর্তী পিরুজালী গ্রামের শহর উল্লাহ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করে। এবার তাদের প্রিয় বাবা হুমায়ূন আহমেদ সঙ্গে ছিলেন না। অবুঝ দুই শিশু নামাজ শেষে বাবার কবরের কাছে যায়। সেখানে তাদের মা মেহের আফরোজ শাওনসহ অন্যান্য আত্মীয় হুমায়ূন আহমেদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। সম্প্রতি এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শাওন সাংবাদিকদের বলেন, হুমায়ূন আহমেদ ও তাঁর ছেলেরা ঈদের দিন একই রং ও নকশার পাঞ্জাবি পরত। ঈদের দিন সকালে একসঙ্গে খাবার খেয়ে ছেলেদের নিয়ে ঈদগাহে যেতেন হুমায়ূন। নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শাওন ও তাঁর পরিবারের সদস্যরা ঈদের আগের দিন রাতে নুহাশপল্লীতে আসেন। ঈদের দিন সকালে আসেন অন্যপ্রকাশের মালিক মাজহারুল ইসলাম, তাঁর স্ত্রীসহ কয়েকজন বন্ধু। পরে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করে দুপুরের দিকে ঢাকার উদ্দেশে তাঁরা রওনা দেন। শাওন ও তাঁর পরিবারের সদস্যদের ওই দিন বিকেলেই ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল।ব্যবস্থাপক আরও বলেন, ২৮ আগস্ট পর্যন্ত নুহাশপল্লী সবার জন্য উন্মুক্ত থাকবে।ঈদের পর দিন থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত নুহাশপল্লীতে আসেন। প্রিয় লেখকের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনেকে প্রিয় লেখকের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।কেন্দুয়া (নেত্রকোনা): জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঞ্চরণে ১৮ আগস্ট রাতে কেন্দুয়ায় আলোর মিছিল হয়। ঢাকায় কেন্দুয়া ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা সদরে এ কর্মসূচি পালন করেন। ওই দিন রাত আটটার দিকে কেন্দুয়া জয়হরি স্পাই সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে দুই শতাধিক শিক্ষার্থী হাতে মোমবাতি নিয়ে এ মিছিল শুরু করে। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোর মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। সেখানে হুমায়ূন আহমেদের সৃজনশীল কর্ম ও স্বপ্ন নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আশরাফ ইলিয়াস। ঈদ উপহার এল ঠিকই: হুমায়ূন আহমেদ নেই। তাঁর স্বপ্নের শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠের শিক্ষকদের জন্য এবারও ঈদ উপহার এসেছে ঠিকই। এবার আর তাঁদের প্রিয় হুমায়ূন স্যার নন, উপহার পাঠিয়েছেন স্যারের স্ত্রী মেহের আফরোজ শাওন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, হুমায়ূন আহমেদ প্রায় সব সময় শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠের খোঁজখবর নিতেন। এমনকি অসুস্থ অবস্থায়ও তিনি নির্ধারিত সময়ে শিক্ষক ও কর্মচারীদের বেতন পাঠিয়ে দিতেন। সেই সঙ্গে প্রতি ঈদের আগেই বেতন, বোনাসসহ তাঁদের জন্য পাঠাতেন ঈদ উপহার। এবারও নতুন জামা ও শাড়ি উপহার দেওয়া হয়েছে। শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ঈদের কয়েক দিন আগেই তাঁর হাতে এসব উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।টেকনাফ (কক্সবাজার): সেন্ট মার্টিনে প্রয়াত হুমায়ূন আহমেদের বাড়ি ‘সমুদ্র বিলাসে’ এবার ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় জমে। ঈদের দিন থেকেই বাড়িটিতে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা ভিড় জমায়।যান্ত্রিক ত্রুটির কারণে টেকনাফ-সেন্ট মার্টিনে প্রায় ৭০ দিন জাহাজ চলাচল বন্ধ থাকার পর ঈদের দিন থেকে জাহাজ চলাচল আবার শুরু হয়।ঢাকার সাভার এলাকা থেকে আসা জাহিদ হাসান ও নাদিয়া পারভিন বলেন, ‘হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ নামের উপন্যাস পড়ে জানতে পারি, এই প্রবাল দ্বীপে রয়েছে আমাদের এই প্রিয় লেখকের স্মৃতিবিজড়িত কটেজ “সমুদ্র বিলাস”। এর টানেই এখানে ছুটে আসা।’