হুমায়ূন আহমেদের কুতুবপুরে শোকসভা
জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চাচা মো. আলতাফুর রহমান বলেছেন, ‘হুমায়ূন আজ আর আমাদের মাঝে নেই। কিন্তু রয়ে গেছে তার সৃজনশীল বিপুল কর্ম ও অজস্র স্বপ্ন। এখন তার স্বপ্নের দ্রুত বাস্তবায়ন করতে হবে।’গতকাল সোমবার হুমায়ূন আহমেদের স্মরণে তাঁর পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে শোকসভায় এসব কথা বলেন তিনি।শোকাহত কুতুবপুরবাসীর ব্যানারে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে এই শোকসভা বিকেল সোয়া পাঁচটার দিকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। এতে এলাকার সব শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়। হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমান আহমেদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে স্মৃতিচারণা করেন পাশের কলসহাটি গ্রামের মিজানুল করিম খান, আবুল মনসুর আহমেদ, চাপুরী গ্রামের শাহীনূর আলম ফকির, হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’-এর প্রধান শিক্ষক আসাদুজ্জমান, শিক্ষক আজহারুল ইসলাম, মাহবুব আলম খান, হুমায়ূন আহমেদের চাচাতো ভাই বখতিয়ার আহমেদ, আশরাফুল আলম প্রমুখ।মিজানুল করিম খান বলেন, ‘দেশ-বিদেশের মানুষ হুমায়ূন স্যারকে যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছে, তা বিরল।’ সবশেষে প্রয়াত হুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়।