হুমায়ূন আহমেদের নামে সড়কের নামকরণের প্রস্তাব পেলে বিবেচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামে রাজধানী ঢাকায় কোনো সড়কের নাম করার বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে সরকার। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে গতকাল বুধবার সাধনা হালদারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নামকরণের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। সরকারের সম্মতিক্রমে এবং সিটি করপোরেশনের বোর্ড সভায় কোনো রাস্তা বা অবকাঠামোর নাম করার প্রস্তাব পাস হওয়া সাপেক্ষে নামকরণ করা হয়। পরে সাংসদ মাহফুজা মণ্ডলের সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত কেন্দুয়া কলেজের উন্নয়নে প্রস্তাব পেলে যথাযথ ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।জাতীয় পার্টির সাংসদ হোসেন মুকুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, সামান্য বৃষ্টিপাতে রাজধানীর কোথাও জলজট হয় না। তবে বেশি পরিমাণে বৃষ্টি হলে পানিনিষ্কাশন হতে কিছুটা সময় বেশি লাগে। মন্ত্রী জানান, প্রতিবছর বর্ষার আগেই নিষ্কাশন লাইনগুলো পরিষ্কার করা হয়। এ ছাড়া নগরের জলজটপ্রবণ এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্য তুলে ধরেন মন্ত্রী।নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় বর্তমান অর্থবছরে ১৭টি বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পসহ মোট ৭০টি প্রকল্প চালু আছে। এ প্রকল্পগুলোর জন্য বর্তমান অর্থবছরে মোট চার হাজার ৮৪১ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে। অধিবেশনে অনুপস্থিত বিএনপির সাংসদ মোসাম্মৎ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংরক্ষিত নারী আসনসহ সব সাংসদের অনুকূলে নিজ নিজ নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য থোক বরাদ্দ দেওয়ার পরিকল্পনা আপাতত সরকারের নেই।