হুমায়ূন আহমেদের মায়ের ইচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুত্র বিয়োগের শোক সংবরণ করা কঠিন। মা আয়েশা ফয়েজ তাঁর বড় ছেলে হুমায়ূন আহমেদকে হারিয়ে বৃহস্পতিবার রাত থেকেই একরকম শয্যাশায়ী। তবে গতকাল শনিবার সকালে সেই দুর্বহ শোক খানিকটা কাটিয়ে উঠে বাস্তবতার প্রয়োজনে সাড়া দিয়েছিলেন শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে।বেলা ১১টা নাগাদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মিরপুর পল্লবীতে আহসান হাবীবের বাড়িতে গিয়েছিলেন আয়েশা ফয়েজ ও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে। ছোট ছেলে হাবীবের বাড়িতেই থাকেন আয়েশা ফয়েজ। মন্ত্রীকে তিনি অনুরোধ জানান হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠা করা ‘শহীদ-স্মৃতি বিদ্যাপীঠ’কে এমপিওভুক্ত করার ব্যবস্থা করতে। মন্ত্রীও শোকাতুর মাকে আশ্বাস দেন এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন হুমায়ূন আহমেদ। স্কুলটি এ পর্যন্ত তাঁর ব্যক্তিগত অর্থেই পরিচালিত হচ্ছে। আহসান হাবীব জানান, শিক্ষামন্ত্রী আসবেন এটা তাঁরা ভাবতেই পারেননি। প্রায় ঘণ্টা খানেক ছিলেন তিনি। মাকে তিনি এই বলে সান্ত্বনা দিয়েছেন যে, ‘ছেলে হারানোর শোকের তো কোনো সান্ত্বনা হয় না। কিন্তু আপনার ছেলের জন্য সারা দেশের মানুষ দুঃখ-বেদনা বোধ করছে। মা হিসেবে এটা আপনি দেখে যেতে পারলেন। এও এক রকমের সৌভাগ্যেরই বিষয়।’ মন্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ দর্শনার্থীর ভূমিকা নিয়েই তিনি কেন্দুয়ার কুতুবপুরের ওই স্কুলটি দেখতে যাবেন বলে জানান। শিক্ষামন্ত্রী ছাড়াও গতকাল তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. শোয়েব আহমেদ, বিটিভির মহাপরিচালক ম. হামিদসহ অনেকেই এসেছিলেন তাঁদের প্রতি সমবেদনা জানাতে। গতকাল থেকে মায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান আহসান হাবীব। তবে দুর্বলতা আছে, এ জন্য চিকিৎসকের পরামর্শে রোজা রাখতে পারেননি। তাঁর তিন বোন, দুই মামা, দুই খালা সার্বক্ষণিকভাবে পাশে আছেন। সোমবার সকালে হুমায়ূন আহমেদের মরদেহ সকাল নয়টায় বিমানবন্দরে আসার কথা। সেখান থেকে নিয়ে যাওয়া হবে তাঁর ধানমন্ডির বাসভবন দখিন হাওয়ায়। সে জন্য মাকে নিয়ে আজ রোববার বিকেলেই আহসান হাবীবেরা দখিন হাওয়ায় যাবেন। আহসান হাবীব জানান, হুমায়ূন আহমেদের দুই মেয়ে শিলা আহমেদ ও নেভা আহমেদ এবং ছেলে নুহাশ আহমেদ বৃহস্পতিবার রাতেই এসে দাদির সঙ্গে দেখা করে গেছে। ছোট মেয়ে বিপাশা আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী। তাদের মা গুলতেকিন খান ঢাকাতেই থাকেন, তবে এই মুহূর্তে তিনি বিপাশার সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। সে জন্য আয়েশা ফয়েজকে সান্ত্বনা দিতে আসতে পারেননি। তবে তিনি ঢাকায় থাকলে প্রায়ই আসেন। আয়েশা ফয়েজের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁর সঙ্গে পরিবারের অন্য সবারও মধুর সম্পর্ক রয়েছে।শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনহুমায়ূন আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থাপনা করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ জানান, বিমানের টিকিট পেতে সমস্যা হওয়ায় রোববারের পরিবর্তে সোমবার সকাল নয়টায় আত্মীয়স্বজনেরা মরদেহ নিয়ে ঢাকা বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে দখিন হাওয়া হয়ে বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে আনা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। বেলা আড়াইটায় জানাজা হবে জাতীয় ঈদগাহে। সেখান থেকে বেলা সাড়ে তিনটায় বারডেমের হিমাগারে তাঁকে রাখা হবে। পরদিন সকাল নয়টায় নুহাশপল্লীতে যাত্রা। সেখানে বাদ জোহর জানাজার পর দাফন করা হবে।তবে অন্য একটি সূত্র জনিয়েছে, হুমায়ূন আহমেদের মেজো ভাই মুহম্মদ জাফর ইকবাল আজ রোববার ঢাকায় এসে পৌঁছানোর পর দাফনের স্থান নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।