হুমায়ূন আহমেদের মৃত্যুতে নেত্রকোনায় শোকযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুতে তাঁর জন্মের জেলা নেত্রকোনায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শুক্রবার বিকেলে সমিঞ্চলিত সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শোকযাত্রা বের করে। শোকযাত্রাটি পাঁচটার দিকে মোক্তারপাড়া দুর্বার গোষ্ঠীর সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমীর মিলনায়তনে শোকসভা হয়। সেখানে একটি শোক বই খোলা হয়।মতীন্দ্র সরকারের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইউসুফ আলী, উদীচীর সাবেক সভাপতি পরিমল রায়, শিল্পকলা একাডেমীর সম্পাদক সানাওয়ার হোসেন ভূঁইয়া, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, কবি সরোজ মোস্তফা, সাইফুল্লাহ এমরান প্রমুখ।যতীন সরকার বলেন, ‘হুমায়ূন আহমেদ সত্যিকার অর্থেই জনপ্রিয় লেখক ছিলেন। তিনি নতুন প্রজন্মের মধ্যে যেভাবে পাঠাভ্যাস গড়ে তুলেছেন, তা আর কেউ পারেননি। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়ে গেল তা পূরণ হওয়ার আপাতত সম্ভাবনা নেই।’ কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘হুমায়ূন আহমেদ নেত্রকোনার সাহিত্যাঙ্গনকে বিশেষভাবে অনুপ্রাণিত করতেন। তাঁর মৃত্যুকে আমরা নেত্রকোনাবাসী সহজভাবে মেনে নিতে পারছি না।’ সরোজ মোস্তফা বলেন, তিনি পাঠককে নিয়ে গেছেন সাহিত্যের কাছে আর সাহিত্যকে পাঠকের কাছে। তিনি নেত্রকোনার ভাষাকে যেভাবে বাংলা ভাষাভাষী মানুষের কাছে তুলে ধরেছেন, তা আর কেউ করতে পারেননি।