হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

নুহাশপল্লীতে ছেলের অন্তিম শয্যার পাশে যেতে মায়ের মন কাঁদে। কিন্তু শরীর অসমর্থ। তাই মৃত্যুবার্ষিকীতে দেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবর জিয়ারতে যেতে পারছেন না তাঁর মা আয়েশা ফয়েজ। আজ ১৯ জুলাই শনিবার হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিনিত ও নিষাদ, এলাকার দুস্থ-এতিম, প্রকাশক ও অনুরাগীদের নিয়ে গাজীপুরের নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের কবরের পাশে তাঁর আত্মার মাগফিরাত কামনা করবেন দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে।
গতকাল হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীব প্রথম আলোকে জানালেন, তাঁর মায়ের শরীর ভালো নয়। বেশ অসুস্থ। কথাবার্তাও ঠিকমতো বলতে পারছেন না। বয়স চলছে ৮৫ বছর। নুহাশপল্লীতে যেতে ইচ্ছে করে তাঁর। কিন্তু অত দূরে যাওয়ার ধকল সহ্য করার অবস্থা নেই। শেষবার গিয়েছিলেন মাস পাঁচেক আগে। মা এখন মিরপুরের পল্লবীতে তাঁর বাসাতেই আছেন। এই বাসাতেই আজ বাদ আসর মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানেই তাঁর মেজো ভাই মুহম্মদ জাফর ইকবালসহ পরিবারের সদস্য ও সুহৃদেরা অংশ নেবেন।
নুহাশপল্লীতে আজ সকাল থেকেই হবে কোরঅানখানি। মেহের আফরোজ শাওন এর আয়োজন করেছেন। আশপাশের মাদ্রাসা ও এতিমখানার প্রায় ৫০০ শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে। এ ছাড়া হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকেরা এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতির নেতারাও আজ নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন ও কর্মসূচিতে অংশ নেবেন। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানালেন, এর পাশাপাশি অন্যপ্রকাশের পুরান ঢাকার বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে বাদ আসর মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া প্রকাশক সমিতির পক্ষ থেকে কুতুবপুরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার রাতেই মেহের আফরোজ শাওন ও তাঁর দুই ছেলে নুহাশপল্লীতে গিয়ে পৌঁছান। তাঁরা আজ সকাল থেকেই এখানে গাজীপুরের পিরুজালী এলাকার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে কোরআনখানির আয়োজন করবেন। নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানিয়েছেন, হুমায়ূন আহমেদের অসংখ্য অনুরাগী মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তাঁরা যেন সুষ্ঠু-সুন্দর পরিবেশে তাঁদের প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের হাতেগড়া শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দুই দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, আজ প্রথম দিনের কর্মসূচিতে রয়েছে কালোব্যাজ ধারণ, কালোপতাকা উত্তোলন, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনাসভা, কোরআনখানি, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল। রোববার দ্বিতীয় দিনে হবে হুমায়ূন আহমেদ নির্মিত প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী।
এ ছাড়া কেন্দুয়ায় হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ, মোহনগঞ্জ পৌরসভাসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনও কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, স্মরণসভা, মিলাদ ও ইফতার মাহফিল।
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান জননন্দিত কথাশিল্পী, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১১ সালে তাঁর অন্ত্রে ক্যানসার ধরা পড়লে পরের বছরের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি আর ফেরেননি। ২০১২ সালের ১৯ জুলাই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে মরদেহ ঢাকায় আনার পর ২৪ জুলাই গাজীপুরের পিরুজালী গ্রামে তাঁর প্রিয় নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁকে।