হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়ায় কর্মসূচি
বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার। এ উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের হাতে গড়া স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, হুমায়ূন আহমেদ স্যারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী ও শহীদ স্মৃতি বিদ্যাপীঠের কার্যালয় সূত্রে জানা গেছে, হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্কুলের পক্ষ থেকে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দিন কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক শোভাযাত্রা, স্মৃতিচারণা, আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ, দোয়া ও ইফতার।
দ্বিতীয় দিন (২০ জুলাই) রয়েছে, হুমায়ূন আহমেদ নির্মিত প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) ও চলচ্চিত্র প্রদর্শন। এসব চলচ্চিত্র দিনের বেলায় লাইব্রেরি ভবনে উন্মুক্তভাবে প্রদর্শিত হবে। এ ছাড়া কেন্দুয়ায় হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদসহ স্থানীয় বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচির আয়োজন করেছে।
মোহনগঞ্জ পৌর মেয়র ও হুমায়ূন আহমেদের মামা মাহবুবুর নবী শেখ বলেন, উপজেলা প্রশাসনের ব্যানারে পৌরসভাসহ স্থানীয় বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোকশোভা, বিকেলে আলোচনা সভা এবং সন্ধ্যায় দোয়া ও ইফতার মাহফিল।
এ ছাড়া জেলা শহরে নেত্রকোনা সাহিত্য সমাজসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মৃত্যুবার্ষিকী পালন করার কথা রয়েছে।