হুমায়ূন আহমেদের শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠে কলেজ পরিদর্শক
জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বপ্নের বিদ্যালয় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ একনজর দেখতে তাঁর পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর পরিদর্শনে গেলেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শ্রীকান্ত কুমার চন্দ। গত বুধবার তিনি ওই বিদ্যালয় ও হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত গ্রামটি দেখতে কুতুবপুরে যান।সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে শ্রীকান্ত কুমার চন্দ প্রথমে উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) পরিদর্শন করেন। পরে বিকেলে তিনি হুমায়ূন আহমেদের স্বপ্নের বিদ্যালয় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ দেখতে কুতুবপুরে যান। এ সময় তিনি বিদ্যালয়টির ক্যাম্পাস ছাড়াও প্রতিটি কক্ষ, আধুনিক কম্পিউটার ল্যাব ও পাঠাগার ঘুরে দেখেন। পরে তিনি ওই বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হুমায়ূন আহমেদের পৈতৃক বসতবাড়িও তিনি ঘুরে দেখেন। একই সঙ্গে লেখকের দাদা ও দাদির কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহাবুব আলম, গন্ডা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া প্রমুখ।