বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ঔপন্যাসিক, নাট্যকার ও চলচ্চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, হুমায়ূন আহমেদের মৃত্যুতে বাংলা সাহিত্যে যে শূন্যতার সৃষ্টি হলো, তা পূরণ হওয়ার নয়।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শুক্রবার এক শোকবার্তায় বলেন, ‘হুমায়ূন আহমেদ তাঁর ভিন্ন ধারার লেখনীর মাধ্যমে খুব সহজেই সব ধরনের পাঠকের হূদয়ে পৌঁছে যান। বিশেষ করে তরুণ প্রজন্মের পাঠকের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়।’নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তাঁর শোকবার্তায় বলেন, ‘বাংলাদেশের সাহিত্যে হুমায়ূন আহমেদ এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সৃজনশীলতা সম্পর্কে আমাদের আত্মবিশ্বাসী করেছেন। বাংলা সাহিত্যে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু কেবল বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিতে নয়, পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। পৃথক এসব বিবৃতিতে হুমায়ূন আহমেদের অবদানের কথা স্মরণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী শফিক আহমেদ, যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।হুমায়ূন আহমেদের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রমুখ। শোক প্রকাশ জানিয়েছে গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, বাংলাদেশ লেখক শিবির, বঙ্গবন্ধু লেখক পরিষদ, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন, মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন ও মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু স্মৃতি গ্রন্থাগার।