বাংলার বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও ছাড়িয়ে গেছে। হুমায়ূনদের মৃত্যু নেই। ওঁরা বেঁচে থাকেন মানুষের হূদয়ে। বাংলার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে গতকাল মঙ্গলবার কলকাতায় আয়োজিত এক শোকসভায় সুনীল এ কথা বলেন। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও শংকর (মনিশংকর মুখোপাধ্যায়) অংশ নেন। সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলাম। সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি এখনো ভাবতে পারছি না বন্ধু হুমায়ূন আহমেদ আর নেই। এখনো ও বেঁচে আছে আমার মনজুড়ে। শুধু আমি নই, পশ্চিমবঙ্গের মানুষের মাঝেও হুমায়ূন বেঁচে থাকবেন।’ সুনীল বলেন, ‘আমার তো মনে হয়, শরৎচন্দ্রের উপন্যাসের চেয়ে হুমায়ূনের উপন্যাস কয়েক গুণ বেশি চলেছে। সত্যি কথা কি, আমি চাইনি প্রাণহীন হুমায়ূনকে দেখতে। চেয়েছি আমার হূদয়ে যেভাবে হুমায়ূন এত দিন ছিল, এখনো সেভাবেই থাকবে।’শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, হুমায়ূন আহমেদের বুদ্ধিদীপ্ত গদ্য এবং রোমাঞ্চকর গল্প লেখায় ছিল অদ্ভুত রকমের জাদু। তিনি বেঁচে থাকলে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হতো। তাঁর মৃত্যু বাংলা সাহিত্য প্রতিভাবান এক লেখককে হারাল। শংকর বলেন, বাংলার এক হাজার বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। সাহিত্য সৃষ্টিতে তাঁর জাদু গোটা উপমহাদেশে নতুন দিকনির্দেশনা দিয়েছে। তাঁর সাহিত্যকর্ম নিয়ে গবেষণার সময় এসেছে।