হুমায়ূনের কবরে নিষাদ-নিনিতের ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের নুহাশপল্লীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দুই ছেলে নিষাদ ও নিনিত। ছবি: মাসুদ রানা, গাজীপুর
গাজীপুরের নুহাশপল্লীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দুই ছেলে নিষাদ ও নিনিত। ছবি: মাসুদ রানা, গাজীপুর

গাজীপুরের নুহাশপল্লীতে মিলাদ মাহফিল, কোরআনখানি ও করব জিয়ারতের মধ্য দিয়ে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। সকাল থেকে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের দিয়ে কোরআন খতমের আয়োজন করা হয়।

হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার তাঁর নিজ হাতে গড়া গাজীপুরের নুহাশপল্লীতে ভক্তরা কবরে ফুল দেন ও জিয়ারত করেন। এই কথাসাহিত্যিকের দুই ছেলে নিষাদ ও নিনিত বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ছোট্ট হাতজোড়া তুলে মোনাজাত করে।

প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘ক্যানসার হাসপাতাল করার জন্য অনেক টাকার প্রয়োজন। অনেকেই সাহায্যের আশ্বাস দিয়েছেন। কেউ টাকা দিতে চেয়েছেন, কেউ জমিও দিতে চেয়েছেন। পাঁচ বছরের মধ্যে ওই হাসপাতাল স্থাপনের ব্যাপারে ঘোষণা ও কাজ শুরু হতে পারে।’

শাওন আরও বলেন, ‘হুমায়ূন আহমেদ জীবিতকালে বলতেন, নুহাশপল্লীকে কোনো ইনস্টিটিউট বানানো যাবে না। তা করলে আমার শান্তি থাকবে না।’ এর সঙ্গে তিনি যোগ করলেন, ‘আমি নুহাশপল্লীকে আরও ভালোভাবে চালাতে এটাকে নিয়ে ট্রাস্টি বোর্ড করতে চাই। এ জন্য আমি চেষ্টা চালাচ্ছি, সবার সঙ্গে যোগাযোগ করছি। এ বোর্ডে হুমায়ূন আহমেদের মা ছাড়াও তাঁর ভাইদের মধ্য থেকে একজন, শিলা-নুহাশদের মধ্য থেকে একজন এবং নিষাদ-নিনিতের মধ্য থেকে একজন সদস্য থাকবেন।’

আজ দুপুরে হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিনে গাজীপুরের নুহাশপল্লীতে স্বামীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা, জিয়ারত ও দোয়া শেষে সংবাদকর্মীদের শাওন এসব কথা বলেন। এ সময় তাঁর বাবা মোহাম্মদ আলী, মা তহুরা আলীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শাওন জানালেন, ২০১২ সালের ১৯ জুলাই দিনটি তাঁর কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এর পর থেকে তিনি আর হুমায়ূন আহমেদের কথা শুনতে পান না। স্মৃতিচারণা করে জানালেন, ‘হুমায়ূন আহমেদ শুধু স্বামীই নন; তিনি আমার সহকর্মী, নাট্যগুরু ও গানের গুরু ছিলেন। আমি তাঁর জীবনদর্শনকে ফলো করি। তিনি যে সময় যা করতেন, আমি একই সময়ে তা করার চেষ্টা করছি।’

নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, আশপাশের কয়েকটি মাদ্রাসা ও এতিমখানার ছাত্রেরা কোরআন খতমে অংশ নেয়। বিকেলে কবর জিয়ারত শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠানে যোগ দেবে এই শিশুরা।