হুমায়ূনের জন্মদিনে মঞ্চে ‘১৯৭১’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সাল। নীলগঞ্জ গ্রামের মানুষ শুনেছে, দেশে যুদ্ধ লেগেছে। জয় বাংলায় উত্তাল গোটা দেশ। শত্রু পাকিস্তানি বাহিনীকে মোকাবিলা করছে সাহসী মুক্তিবাহিনী। কিন্তু নীলগঞ্জে এসবের কোনো আঁচই পড়েনি। লজিং মাস্টার আজিজ কেবল স্কুলঘরে একটা পতাকা লাগায়।কিন্তু শান্ত নিরুপদ্রব এই গ্রামে একদিন হঠাৎই মিলিটারি হানা দেয়। মেজর এজাজের নেতৃত্বে ও রাজাকার রফিকের সহায়তায় পাকিস্তানি বাহিনী ঘাঁটি গাড়ে স্কুলঘরে। সহজ-সরল গ্রামবাসী খুশি করার চেষ্টা করে মিলিটারিদের। মেজরের চোখে বাঙালি আত্মসম্মানহীন ঘৃণ্য এক জাতি। গ্রামবাসীর ভীরুতা নিয়ে পদে পদে উপহাস করে সে। কিন্তু কী করে যেন পাল্টে যায় সবকিছু। নীলগঞ্জের সুখী মানুষগুলো ঘুরে দাঁড়ায়। এমনকি যাকে মনে হয়েছিল দালাল, সেই রফিকও জানিয়ে দেয় যে বাঙালি লড়াকু জাতি। এই কাহিনি নিয়ে গড়ে উঠেছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৯৭১ নাটক।নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নাটকটি মঞ্চস্থ করে অনাদিকল্প। প্রিয় লেখকের জন্মদিন উপলক্ষে শ খানেক হুমায়ূনভক্ত এসেছিল নাটকটি দেখতে। হুমায়ূনের হাস্যরসে ভরা সংলাপ শুনে দর্শক যেমন হেসেছে, তেমনি আবার আবেগঘন দৃশ্য দেখে চোখের পানিও মুছেছে। নাটক শুরুর আগে হুমায়ূন আহমেদকে স্মরণ করে বক্তব্য দেন নাট্যজন প্রদীপ দেওয়ানজি। নাটকের দৃশ্য, আলোক ও পোশাক পরিকল্পনায় ছিলেন মাসউদুর রহমান।