হুমায়ূনের জন্য নুহাশপল্লীতে দোয়া ও ইফতার মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত লেখক ও চলচ্চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে গতকাল বুধবার নুহাশপল্লীতে। সকাল থেকে সারা দিন সেখানে প্রচুর লোকসমাগম হয়েছিল। তাঁরা তাঁদের প্রিয় লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।আজ বৃহস্পতিবার হুমায়ূন আহমেদের স্মরণে শোকসভার আয়োজন করেছে বাংলা একাডেমী। বিকেল তিনটায় একাডেমী প্রাঙ্গণে বটতলার নজরুল মঞ্চে এই শোকসভায় সভাপতিত্ব করবেন একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। গতকাল জাতীয় গণতান্ত্রিক লীগ হুমায়ূন আহমেদের মৃত্যুতে শোকসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ এইচ এন আশিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী। হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীব জানান, ঢাকায় তাঁদের মা আয়েশা ফয়েজ আগামীকাল শুক্রবার ছেলের রুহের মাগফিরাত কামনা করে আর্তদরিদ্র এবং এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হুমায়ূন আহমেদের ছোট মেয়ে বিপাশা আহমেদ ও গুলতেকিন খান ঢাকা আসছেন।নুহাশপল্লীতে দোয়া ও ইফতার মাহফিল আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, নুহাশপল্লী ও এর আশপাশের এলাকার মানুষ এখনো শোকবিহ্বল। গতকাল সকাল থেকেই হুমায়ূন আহমেদের সমাধিতে ভক্তরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল বাদ আসর নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকাবাসী ও কবর খননকারী মিলে প্রায় চার শ লোক অংশ নেন। সকাল থেকেই হুমায়ূন আহমেদের আত্মার শান্তি কামনা করে লিচুবাগানে তাঁর সমাধির পাশে বসে কোরআন তিলাওয়াত করেন পিরুজালী গ্রামের মুরব্বিরা।নুহাশপল্লীতে প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, তাঁর বাবা মোহাম্মদ আলী, মা তহুরা আলী, ছেলে নিষাদ, নিনিতসহ স্বজনেরা অবস্থান করছেন। আরও কয়েক দিন তাঁরা সেখানে থাকবেন বলে তাঁরা জানান।গতকাল মেহের আফরোজ শাওন সাংবাদিকদের বলেন, হুমায়ূন আহমেদের অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো পূরণ করাই হবে তাঁর কাজ। ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করা, নুহাশপল্লীকে শান্তিনিকেতনের আদলে একটি প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা চালিয়ে যাবেন। এ জন্য তিনি সবার সহায়তা কামনা করেন। তিনি বলেন, এখানে সবাই আসতে পারবে, কারও জন্য বাধা-নিষেধ থাকবে না।