হুমায়ূনের মাগফিরাত কামনা করে নুহাশপল্লীতে দোয়া ও ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাগানবাড়ি নুহাশপল্লীতে গতকাল বৃহস্পতিবার বাদ আসর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই ছেলে নিষাদ ও নিনিত, মা তহুরা আলীসহ বিভিন্ন স্থান থেকে আসা হুমায়ূনের চার শতাধিক অনুরাগী অংশ নেন। গাজীপুরের হুমায়ূন আহমেদ সঞ্চৃতি সংসদ এই আয়োজন করে।ইফতার মাহফিলের আগে সাংবাদিকদের মেহের আফরোজ শাওন বলেন, ‘রোজার মাসটা হুমায়ূন খুব পছন্দ করতেন। সবাইকে নিয়ে ইফতার করাটাই তাঁর পছন্দনীয় ছিল। যখন নুহাশপল্লীতে শুটিং চলত তখনো তিনি সবাইকে নিয়ে এক সঙ্গে ইফতার করতেন। ঈদের দিন ছেলেদের হাত ধরে ঈদের মাঠে যাওয়াটা খুবই পছন্দ করতেন। এবার ঈদে সেই দৃশ্যটা আমি অনেক মিস করব। বরাবরই হুমায়ূন আহমেদ পোশাকের ব্যাপারে উদাসীন ছিলেন। তবে ঈদের দিন তিনি ও ছেলেরা একই রকম পাঞ্জাবি পরে ঈদের মাঠে যেতেন। বিশেষ করে সাদার মধ্যে নীল রঙের কাজ করা পাঞ্জাবি ছিল তাঁর পছন্দের। নামাজ থেকে ফিরে এসে সবাই একসঙ্গে বাড়ির সিঁড়িতে বসে ছবি তুলতেন।’ শাওন জানান, এবারের ঈদ নুহাশপল্লীতেই তিনি করবেন। সে জন্য ঈদের আগের দিনই তাঁরা নুহাশপল্লীতে চলে আসবেন। বাদ আসর প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠান শুরু হয়। পরে ছিল ইফতার। ৯ আগস্ট নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদ সঞ্চৃতি সংসদের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হয়। এ সময় হুমায়ূন আহমেদের মেয়ে নোভা, শীলা, বিপাশাসহ তাঁদের স্বজনেরাও উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি এস এম শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে নুরুল আমিনকে আহ্বায়ক করে হুমায়ূন আহমেদ সঞ্চৃতি সংসদের নয় সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।