হুমায়ূনের স্বপ্নের স্কুল এমপিওভুক্ত করার দাবি
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের তৃতীয় প্রয়াণ দিবস আজ রোববার। লেখকের স্মৃতির উদ্দেশে তাঁর পৈতৃকবাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী এসব কর্মসূচির আয়োজন করেছেন। স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এবার এসএসসি পরীক্ষায় জেলার সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ তৃতীয় স্থান দখল করেছে। তিনি স্কুলটি এমপিওভুক্ত করতে সরকারের কাছে দাবি জানান।
লেখকের চাচা আলতাফুর রহমান আহমেদ বলেন, ‘হুমায়ূন স্যারের মৃত্যুর পর সরকারের উচ্চপর্যায় থেকে স্যারের স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ সরকারি অনুদানভুক্ত (এমপিও) করার আশ্বাস দেওয়া হয়েছিল। এখনো বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হয়নি। এতে শিক্ষক-কর্মচারীরা হতাশ।’
লেখকের মৃত্যুবার্ষিকীতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী আজ কালো ব্যাজ পরবেন। শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণ থেকে শোক শোভাযাত্রা বের হবে। পরে লেখকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের কোরআন খতম, লেখকের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণমূলক আলোচনাসভা এবং মিলাদ ও দোয়া মাহফিল হবে।