হুমায়ূনের ‘বৃষ্টির শহর’ সিলেটে শোকের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শৈশবের শহর সিলেট। এ শহরকে তিনি ‘বৃষ্টির শহর’ বলেই ডাকতেন। তাঁর বিভিন্ন বইতে শহরটি নিয়ে রয়েছে নানা স্মৃতিকথা। একটি বইও লিখেছেন সিলেট নিয়ে। সিলেটবাসীর কাছে তাই হুমায়ূনের জন্য রয়েছে আলাদা টান। তাঁর মৃত্যুর খবরে সিলেট শহরে বিরাজ করছে শোক।সিলেট নগরের মীরাবাজার এলাকার কিশোরীমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমায়ূন আহমেদের জীবনের প্রথম বিদ্যালয়। বোন সুফিয়া খাতুন শেফু ও ভাই মুহম্মদ জাফর ইকবালও ওই বিদ্যালয়েই পড়াশোনা করেন।বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন জানান, ১৯৫০ সালে হুমায়ূন আহমেদ কিশোরীমোহন বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হন। তিনি এই বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তাঁরা তিন ভাইবোন ১৯৫৯ সাল পর্যন্ত বিদ্যালয়টিতে পড়াশোনা করেন। ফরিদা পারভীন বলেন, ‘এ বিদ্যালয়ের ছাত্র ছিলেন হুমায়ূন—বিষয়টি সবারই জানা। তাঁর মৃত্যুর খবর শোনার পর সবারই খুব খারাপ লাগছিল।’বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদের সিলেট শাখার সাধারণ সম্পাদক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম বলেন, ‘শিল্পসাহিত্যে আগাগোড়া নিবেদিতপ্রাণ ব্যক্তি হুমায়ূন আহমেদের মৃত্যু এই জাতির জন্য সত্যিকার অর্থেই দুর্ভাগ্যজনক। এ রকম গল্পবলিয়ে বাংলা সাহিত্যে আর আসবেন কি না সন্দেহ।’সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘হুমায়ূন আহমেদের জীবনের শৈশবের দীর্ঘসময় কেটেছে সিলেটে। সিলেটের প্রতি তাঁর ছিল গভীর টান ও মমতা। সিলেটবাসীও তাঁকে ভীষণ ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। তাঁর মৃত্যুতে বাঙালির সাহিত্য-সংস্কৃতির অপূরণীয় ক্ষতি হয়েছে।’ সিলেটের প্রকৃতি ও বাউল সংস্কৃতির প্রতি বিশেষ টান ছিল হুমায়ূন আহমেদের।কবি তুষার কর বলেন, ‘হাসন রাজা, বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান তরুণদের কাছে জনপ্রিয় করে তোলার পেছনে হুমায়ূন আহমেদের বিরাট ভূমিকা ছিল। আগুনের পরশমণি চলচ্চিত্রে হাসন রাজার গান ব্যবহার করেছেন।’ তিনি ‘মরিলে কান্দিস না আমার দায়’ গানের গীতিকার সুনামগঞ্জের ছাতকের বাসিন্দা গিয়াসউদ্দিন আহমদকে একটি বই উৎসর্গ করেছিলেন। হাওর ভ্রমণ ছিল হুমায়ূনের প্রিয়। ১৯৯২ সালে সুনামগঞ্জে হাসন লোক-উৎসবে গিয়ে তিনি বজরায় করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করেন।হুমায়ূন আহমেদের সঙ্গে হাওর ভ্রমণে সঙ্গী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পীর ফজলুর রহমান বলেন, ‘টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করে রাতে শনির হাওর দিয়ে আমরা যাচ্ছিলাম। এ সময় ঝুমবৃষ্টি নামে। হুমায়ূন তাঁর বড় ছেলে নুহাশকে নিয়ে বজরায় বসে হাওরের সেই রাতের বৃষ্টিতে ভিজেছিলেন।’২০০০ সালের ২৬ মার্চ হুমায়ূনের সিলেট সফর ছিল সবচেয়ে আলোচিত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে চলছিল আন্দোলন। তিনি সংহতি জানাতে সপরিবারে সিলেটে এসেছিলেন। আইনজীবী মইনুদ্দিন আহমদ বলেন, ‘নামকরণের পক্ষ-বিপক্ষ নিয়ে সিলেট ছিল উত্তাল। হুমায়ূন আহমেদ ওই কঠিন পরিস্থিতির মধ্যেও স্বাভাবিক ছিলেন। ওই দিন ভোরবেলা তাঁকে আমরা সিলেট রেলস্টেশন থেকে গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ফটকে নিয়ে গিয়েছিলাম। সেই অনশন ভাঙিয়েছিলেন প্রবীণ বাম রাজনীতিবিদ বরুণ রায়।’