হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আতঙ্ক
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা। চট্টগ্রাম নগরের অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয়। প্রভাতি শাখার ছুটি হয়েছে। বিদ্যালয়ের মূল ফটক বন্ধ থাকায় বিকল্প ফটক দিয়ে বের হচ্ছিল শিক্ষার্থীরা। কিন্তু ফটকের প্রশস্ততা কম হওয়ায় এবং অনেক শিক্ষার্থী একসঙ্গে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করায় বিপত্তি বাধে। ভিড়ের মধ্যে ঠেলাঠেলির কারণে ভয়ে কেঁদে ফেলে অনেক শিক্ষার্থী।
সন্তানদের ভয়ার্ত চেহারা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ফটকের বাইরে থাকা অভিভাবকেরা। একপর্যায়ে তাঁরা মূল প্রবেশ ফটকের তালা ভেঙে সন্তানদের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করে নিয়ে আসেন। মূল ফটক বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা।
চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার এই বিদ্যালয়টিতে মোট দুটি শাখায় প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে প্রভাতি শাখায় প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় এক হাজার ছয় শ শিক্ষার্থী এবং দিবা শাখায় পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় এক হাজার চার শ শিক্ষার্থী পড়াশোনা করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ের নতুন ১১ তলা ভবন নির্মাণের জন্য পুরোনো ভবন ভেঙে ফেলা হবে। দু-এক দিনের মধ্যে এ কাজ শুরু হওয়ার কথা ছিল। তাই গতকাল থেকে মূল প্রবেশ ফটক বন্ধ করে বিকল্প প্রবেশ ফটক চালু করে কর্তৃপক্ষ।
অভিভাবক মো. আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, ছোট গেট দিয়ে একসঙ্গে প্রায় তিন-চার শ শিক্ষার্থী বের হতে গিয়ে হুড়োহুড়ি লেগে যায়। অভিভাবকেরা মূল ফটক খুলে দিতে বারবার অনুরোধ করলেও কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। পরে অভিভাবকেরা ফটকের তালা ভেঙে সন্তানদের বের করে নিয়ে আসেন। ছোট ফটকের প্রশস্ততা বড়জোর ১৫ ফুট।
জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুবি আরা বেগম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার থেকে মূল প্রবেশ ফটক বন্ধ করে বিকল্প ফটক দিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রথম দিনই বিদ্যালয়ের প্রভাতি শাখার ছুটির সময় শিক্ষার্থী ও অভিভাবকদের তীব্র ভিড় লেগে যায়। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। আপাতত বিকল্প ফটকটি ব্যবহার করা হবে না। শিক্ষার্থীরা মূল প্রবেশ ফটক দিয়ে বের হতে পারবে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য চন্দন কুমার দাশ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবারের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পুরোনো ভবন ভাঙার কাজ এখনই শুরু হবে না। বিকল্প ফটকটির প্রশস্ততা না বাড়ানো পর্যন্ত শিক্ষার্থীরা মূল প্রবেশ ফটক দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করবে।