হূমায়ুন আহমেদের অস্ত্রোপচার শুরু
জনপ্রিয় লেখক হূমায়ুন আহমেদের অস্ত্রোপচার গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়) নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে তাঁকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সিনিয়র অনকোলজি সার্জন জর্জ মিলার অস্ত্রোপচারের নেতৃত্ব দিচ্ছেন। গতকাল বাংলাদেশ সময় রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময় তাঁর অস্ত্রোপচার চলছিল।অস্ত্রোপচার শুরুর প্রায় তিন ঘণ্টা আগে হূমায়ুন আহমেদ হাসপাতালে পৌঁছান। হাসপাতালে অন্যান্যের মধ্যে উপস্থিত রয়েছেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, প্রকাশক মাজহারুল ইসলাম, মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহা ও লেখকের বাল্যবন্ধু পাঞ্চু।হাসপাতাল থেকে বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে জানিয়েছেন, হূমায়ুন আহমেদ পায়ে হেঁটে অস্ত্রোপচার কক্ষে প্রবেশ করেন। এর আগে তিনি তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।উল্লেখ্য, প্রায় ১০ মাস ধরে নিউইয়র্কে চিকিৎসাধীন কোলন ক্যানসারে আক্রান্ত হূমায়ুন আহমেদ। কেমোথেরাপির পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।