হৃদরোগ হাসপাতালে তিন দিন পানি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিন ধরে পানি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ করতেও পারেনি। কখন পানি আসবে তা-ও কেউ জানেন না। পানি না থাকায় ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।
সরকারি পর্যায়ে হৃদ্রোগ চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। গতকাল শুক্রবার হাসপাতালের রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার রাত থেকেই হাসপাতালে পানি নেই। মাঝে কিছুক্ষণের জন্য ময়লা-কাদামিশ্রিত পানি এসেছিল। হাসপাতালের পক্ষ থেকে বিকল্প কোনো পানির ব্যবস্থা করা হয়নি। শৌচাগারে ব্যবহারের জন্য পানিও লোকজনকে কিনে আনতে হচ্ছে।
হাসপাতালের পরিচালক এস টি এম আবু আজম তিন ধরে পানি না থাকার কথা স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, যে গভীর নলকূপ থেকে হাসপাতালে পানি তোলা হয়, সেটি অনেক পুরোনো। যান্ত্রিক ত্রুটির কারণে পানি উত্তোলন করা যাচ্ছে না। বিকল্প হিসেবে ওয়াসার কাছ থেকে পানি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ শনিবারের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশ্বস্ত করেন।
নোয়াখালী থেকে অসুস্থ ভাইকে নিয়ে হাসপাতালে আসা মো. সুমন চার দিন ধরে হাসপাতালে আছেন। বললেন, ‘টয়লেটে পানি নাই। লোকজন তা-ও টয়লেট করছে। একটু আগে টয়লেটে ঢুকছিলাম, দেখি মানুষের মল ভেসে আছে। দুর্গন্ধে কাছে যাওয়া যায় না।’
দুপুর সাড়ে ১২টার দিকে কার্ডিওলজি বিভাগের পুরুষ ওয়ার্ড-৪ ও ৫-এ গিয়ে দেখা যায়, শৌচাগারের দরজা বন্ধ। শৌচাগারের ভেতর থেকে উৎকট গন্ধ বের হচ্ছে। বাইরে লোকজন নাক-মুখ চেপে দাঁড়িয়ে আছেন।
অস্ত্রোপচার করাতে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজধানীর উত্তরার বাসিন্দা মাকসুদা বেগম। বললেন, ‘পরশু রাত থেকে পানি নেই। প্রসাব-পায়খানা করতে কষ্ট। গোসল করতে পারি নাই। সকালে একটু ময়লা কাদাপানি এসেছিল। এত বড় একটা হাসপাতালে বিকল্প কোনো পানির ব্যবস্থাও নেই।’
রোগীর স্বজনেরা পানির বোতল, জার নিয়ে বাইরে থেকে পানি নিয়ে আসছেন। পানি না থাকার সুযোগে হাসপাতাল চত্বরে একাধিক ব্যক্তি জার ও ফিল্টার বসিয়ে পানি বিক্রি করছেন। দুই লিটারের একটি বোতল ভরতে দিতে হচ্ছে ১০ টাকা। পানি কিনতে লোকজনকে লাইনে দাঁড়াতে হচ্ছে।
হাতের বোতল দেখিয়ে মো. তোফাজ্জল হোসেন বললেন, ‘ভাইয়ের অপারেশন হইছে তিন দিন আগে। বাথরুমে করতে যাইব। সেই জন্য দুই লিটার পানি কিনতে আইছি। খাওয়ার পানি না হয় কিনলাম, কিন্তু বাথরুম করনের লিগাও পানি কিনার ক্ষমতা আমগো মতন গরিব মানুষের নাই।’