হৃদরোগে আক্রান্ত শিশুদের সেবায় নতুন সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বহু শিশু হৃদ্রোগে আক্রান্ত। প্রতিবছর এই সংখ্যা বাড়ছে। যথাসময়ে চিকিৎসা না পেয়ে এদের অর্ধেকই এক বছর বয়সের আগেই মারা যায়। জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ এম আর খান বলেছেন, সরকারের একার পক্ষে হৃদ্রোগে আক্রান্ত সব শিশুর চিকিৎসা করা সম্ভব নয়। এ জন্য বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজসেবকদের এগিয়ে আসতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ‘চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ (সিএইচটিবি)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এম আর খান এ কথা বলেন। অসহায় ও দরিদ্র শিশু হৃদ্রোগীদের চিকিৎসা ও সহায়তা করার লক্ষ্যে এ বছর ২৬ জুন চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ নামে সংগঠনটি আত্মপ্রকাশ করে। গতকাল সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সংগঠনটির সভাপতি এম আর খান।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে প্রায় তিন লাখ শিশু হৃদ্রোগে আক্রান্ত। প্রতিবছর প্রায় ৫০ হাজার শিশু এ ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। দেশে জন্ম নেওয়া প্রতি এক হাজার শিশুর ২০-২৫ জন জন্মগত হৃদ্রোগের শিকার। পরিসংখ্যানের সূত্র জানতে চাইলে সংবাদ সম্মেলন শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালে সম্মিলিত সামরিক হাসপাতালে এক পর্যবেক্ষণমূলক জরিপ থেকে এই তথ্য পাওয়া যায়। এ নিয়ে জাতীয় পর্যায়ে কোনো জরিপ নেই।
এম আর খান বলেন, ‘শিশুদের হৃদ্রোগ যেমন জটিল বিষয়, তার চিকিৎসা ও রোগ ব্যবস্থাপনাও ব্যয়বহুল। আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠী তো বটেই, সরকারের একার পক্ষেও সব রোগীর চিকিৎসার দায়ভার বহন করা দুঃসাধ্য।’ তিনি বলেন, শিশু হৃদ্রোগ চিকিৎসায় ও সুষ্ঠু ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজসেবকদের এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও অনেক বড়।
সংবাদ সম্মেলনে দেশের শিশু হৃদ্রোগের বর্তমান পরিস্থিতি ও সিএইচটিবির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তাতে বলা হয়, সংগঠনটি শিশু হৃদ্রোগ চিকিৎসায় দক্ষ জনশক্তি তৈরি, মানুষকে সচেতন করা, দরিদ্র শিশুদের চিকিৎসায় তহবিল গঠনে উদ্যোগ নেবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব শিশু হৃদ্রোগ বিশেষজ্ঞ আবদুস সালাম।