হৃদরোহীদের চিকিৎসা দিলেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক
বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ভারত থেকে আসা দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ১৫০ জন হৃদ্রোগীকে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন। গতকাল রোববার ও গত শনিবার সদর উপজেলার ঠেঙ্গামারায় রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে এ সেবা দেওয়া হয়।
ভারতের হৃদ্রোগ বিশেষজ্ঞ ও কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট প্রলয়েস চ্যাটার্জি দুই সদস্যের চিকিৎসক দলের নেতৃত্ব দেন। দলের অন্য সদস্য ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ লিনা চ্যাটার্জি।
সেমিনারে বক্তব্য দেন টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, উপনির্বাহী পরিচালক মতিউর রহমান, স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক রাগীব আহসান, টিএমএসএস মেডিকেল কলেজের হৃদ্রোগ বিভাগের প্রধান কামরুল ইসলাম প্রমুখ। সেমিনারে প্রলয়েস চ্যাটার্জি বলেন, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার আগেই সচেতন হওয়া দরকার। এ রোগ নিয়ন্ত্রণে তিনি খাদ্যাভ্যাস পরিবর্তন ও কায়িক পরিশ্রমকে প্রাধান্য দিতে বলেন।