রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিভাগে নেই প্রয়োজনীয় চিকিৎসক ও যন্ত্রপাতি। হৃদ্রোগ নির্ণয়ের এক্সারসাইজ টলারেন্স টেস্ট (ইটিটি) যন্ত্রটি তিন বছর ধরে বাক্সবন্দী। বাকি যন্ত্রগুলোর মধ্যে কোনোটি নষ্ট, কোনোটি পুরোনো হয়ে গেছে।
হাসপাতাল সূত্র জানায়, হৃদ্রোগ বিভাগে অধ্যাপকের কোনো পদই নেই। চারজন সহকারী অধ্যাপকের মধ্যে আছেন দুজন। এখানে কোনো রেজিস্ট্রার নেই। চারজন সহকারী রেজিস্ট্রারের মধ্যে আছেন মাত্র একজন। দুজন সহযোগী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক ও একজন সহকারী রেজিস্ট্রার দিয়ে চলছে হৃদ্রোগীদের চিকিৎসাসেবা। এ জন্য সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
এখানে করোনারি এনজিওগ্রাম, করোনারি এনজিওপ্লাস্ট ও স্টেনটিং (রিং বসানো) এবং অস্থায়ী ও স্থায়ী পেসমেকার বসানো হয়। কিন্তু টেকনিশিয়ান না থাকায় ইটিটি যন্ত্রটি তিন বছর ধরে পড়ে আছে। ইকো-কার্ডিয়াক তিনটি যন্ত্রের মধ্যে দুটি নষ্ট, ১২টি মনিটরের মধ্যে আছে মাত্র দুটি, তিনটি ইসিজি চালু থাকলেও সেগুলো অনেক পুরোনো হয়ে গেছে। এ ছাড়া রোগ নির্ণয়ের জন্য এনজিওগ্রাম করা হলেও টেকনিশিয়ান নেই। এক্স-রে বিভাগ থেকে টেকনিশিয়ান এসে কাজ করেন। হৃদ্রোগ ওয়ার্ডের বিভাগীয় প্রধান বদরুল আলম জানান, হৃদ্রোগ ওয়ার্ডে ৪৬টি শয্যার মধ্যে রোগী ভর্তি থাকে গড়ে প্রতিদিন ৮০ জন। দিন দিন হৃদ্রোগীর সংখ্যা বাড়ছে। এত কম চিকিৎসক ও লোকবল নিয়ে গত বছর ১০০ জন রোগীর এনজিওগ্রাম করা হয়েছে। এ ছাড়া গত এক বছরে ৫০ জন রোগীর দেহে পেসমেকার ও ১৪ জনের রিং বসানো হয়েছে।
সহকারী অধ্যাপক হরিপদ সরকার বলেন, আশঙ্কাজনক রোগীর হৃৎকম্পন ও রক্তচাপ সরাসরি দেখা বিশেষ জরুরি। কিন্তু মাত্র দুটি কার্ডিয়াক মনিটর থাকায় তা দিয়ে একসঙ্গে এত রোগীর চিকিৎসা দিতে সমস্যা হয়। সম্প্রতি হৃদ্যন্ত্রে পেসমেকার বসিয়েছেন আবদুল হক সরকার, জরিনা বেগম ও দীপেন্দ্রনাথ রায়। তাঁরা বলেন, পেসমেকার বসাতে প্রত্যেকের মাত্র দুই হাজার টাকা খরচ হয়েছে। এটি বাইরে করাতে কমপক্ষে ৬০ হাজার টাকা ব্যয় হতো।
বদরুল আলম বলেন, ওয়ার্ডের প্রাণ হলো রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার। কিন্তু তাঁরাই নেই। এ কারণে রোগীর চিকিৎসাসেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান বলেন, ‘এই ওয়ার্ডের সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ ও চিকিৎসক-সংকট দূর করতে ঢাকায় অনেকবার চিঠি পাঠানো হয়েছে।’