হৃদরোগে আক্রান্ত হয়ে রিয়াজ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিত্রনায়ক রিয়াজ
চিত্রনায়ক রিয়াজ

সিনেমার শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর উত্তরার হৈচৈ শুটিংবাড়িতে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের শুটিং চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।
ছবির পরিচালক মেহের আফরোজ শাওন প্রথম আলোকে রিয়াজের অসুস্থতার খবরটি নিশ্চিত করেন।
কৃষ্ণপক্ষ ছবির ইউনিট সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে সিনেমার সংলাপ দিতে গিয়ে হঠাৎ রিয়াজের শরীর ঘামতে থাকে। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাঁকে উত্তরার একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াজের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। রিয়াজের অবস্থার আরও অবনতি হলে তাঁকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি কার্ডিওলজি বিভাগের পরামর্শক শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
রিয়াজের শারীরিক অবস্থা সম্পর্কে রাত ৯টা ৩২ মিনিটে অ্যাপোলো হাসপাতাল থেকে মেহের আফরোজ প্রথম আলোকে বলেন, ‘রিয়াজ ভাইকে এখন রিং পরানো হচ্ছে। সবাই রিয়াজ ভাইয়ের জন্য দোয়া করবেন।’
রাত ১১টার দিকে মেহের আফরোজ বলেন, রিয়াজ ভাই এখন শঙ্কামুক্ত। তাঁর শরীরে একটি রিং পরানো হয়েছে। তিনি হাসপাতালে তাঁর মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আদর করেছেন ছোট্ট সন্তানকে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
রিয়াজকে অন্তত দুই দিন হাসপাতালে থাকতে হবে, চিকিৎসকের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন শাওন।
রিয়াজের চলচ্চিত্রে অভিষেক ১৯৯৫ সালে, বাংলার নায়ক চলচ্চিত্রের মধ্য দিয়ে। এর বছর দুয়েক পর মহম্মদ হাননানের প্রানের চেয়ে প্রিয় চলচ্চিত্রে রিয়াজ অভিনয় করে আলোচিত হন। রিয়াজ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার গৌরব অর্জন করেন। রিয়াজ অভিনীত সাম্প্রতিকতম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র লোভে পাপ পাপে মৃত্যু ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায়।