হৃদ্‌রোগে ঢাবির ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নূরে আদিব আনাম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক নূরে আদিব আনাম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নূরে আদিব আনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে। বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন স্লোগান-৭১–এর সহসভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। নূরে আদিবের সহপাঠী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

নূরে আদিব আনামের পরিবারের বরাত দিয়ে তাঁর এক সহপাঠী প্রথম আলোকে বলেন, হৃদ্‌যন্ত্র ও কিডনির জটিলতা দেখা দেওয়ায় নূরে আদিবকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে কার্ডিয়াক অ্যারেস্টে নূরে আদিবের মৃত্যু হয়। গতকাল রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘নূরে আদিবের মৃত্যুর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেনেছে। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। যেকোনো প্রয়োজনে আমরা পরিবারটির পাশে থাকব।’