হৃদ্রোগ বিভাগের এসি নষ্ট গরমে রোগীর হাঁসফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের সব কটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) অকেজো। বিভাগের অধিকাংশ ফ্যানও নষ্ট। চারদিক আটকানো কক্ষে দম বন্ধ হওয়ার উপক্রম। সেবা নিতে আসা রোগী, স্বজন, চিকিৎসক ও সেবিকারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে হৃদ্‌রোগ বিভাগটি মূলত ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) জন্য করা হয়েছিল। সার্বক্ষণিক শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় এই বিভাগে বাতাস নির্গমনের পথ রাখা হয়নি। পরে এখানেই করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হয়। এক বছর ধরে সিসিইউ বিভাগের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। বারবার আবেদন করলেও সেগুলো মেরামত কিংবা নতুন যন্ত্র স্থাপনের উদ্যোগ নিচ্ছে না গণপূর্ত বিভাগ।

হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগে কর্মরত নার্স শিউলী বেগম বলেন, সিসিইউ বিভাগে সেবিকাদের সার্বক্ষণিক থাকতে হয়। কিন্তু বদ্ধ কক্ষে বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নেই। এসি নষ্ট থাকায় এখানে কাজ করা কঠিন। রোগী ও দর্শনার্থীর ভিড়ে গরম আরও তীব্র আকার ধারণ করে। শীত শেষ হওয়ার আগেই সমস্যার কথা জানানো হয়েছিল। কিন্তু এখনো এসি মেরামত কিংবা নতুন এসি বসানো হয়নি। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নয়টি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ। বিভাগের কোনো বিছানা খালি নেই। মেঝেতেও রোগীতে ঠাসাঠাসি। কয়েকটি বৈদ্যুতিক পাখা ঘুরলেও অধিকাংশ অকেজো। কক্ষের চারদিক আটকানো থাকায় বাইরের বাতাস ভেতরে, ভেতরের গরম বাতাস বাইরে যেতে পারছে না। রোগী, চিকিৎসক, নার্সরা ঘামে ভিজে একাকার। রোগীর স্বজনদের কেউ কেউ হাতপাখা কিংবা টেবিল ফ্যান দিয়ে কক্ষ ঠান্ডা রাখার চেষ্টা করছেন।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, হাসপাতালের এসিগুলো প্রায় এক বছর ধরে নষ্ট। এর সঙ্গে ছাদের গরম। চিকিৎসকদের কক্ষে এক বছর ধরে পানি ঢুকছে। রোগীরা তো দুর্ভোগে আছেই। বিভাগের চিকিৎসক, নার্সসহ সবাই দুর্ভোগ পোহাচ্ছেন। এ ব্যাপারে বারবার আবেদন করলেও গণপূর্ত বিভাগ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে রোগীদের টেবিল ফ্যান আনার অনুমতি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওসমান গণি প্রথম আলোকে বলেন, এসিগুলো মেরামত কিংবা নতুন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।